পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য হিসেবে অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান নিয়োগপ্রাপ্ত হওয়ায় ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব), পবিপ্রবি ইউনিটের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
৯ জুন সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক বার্তায় জানানো হয়, অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান পূর্বে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং ইউট্যাব পবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় পবিপ্রবি পরিবার অত্যন্ত গর্বিত ও আনন্দিত।
অভিনন্দন বার্তায় ইউট্যাব নেতৃবৃন্দ দৃঢ় বিশ্বাস ব্যক্ত করে বলেন, তাঁর দীর্ঘ শিক্ষা জীবনের অভিজ্ঞতা, প্রজ্ঞা, সততা ও দূরদর্শী নেতৃত্বে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও নৈতিক উৎকর্ষ নতুন উচ্চতায় পৌঁছাবে। একই সাথে বিশ্ববিদ্যালয়টির জ্ঞানচর্চা, উদ্ভাবন ও মানবিক মূল্যবোধ আরও সমৃদ্ধ হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, একজন যোগ্য ও দক্ষ শিক্ষাবিদকে পবিপ্রবি’র উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করায় মহামান্য চ্যান্সেলর ও সরকার প্রধানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। নেতৃবৃন্দ মহান আল্লাহর নিকট নবনিযুক্ত উপাচার্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।
ইউট্যাব, পবিপ্রবি ইউনিটের সভাপতি অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের পক্ষ থেকে এই প্রাণঢালা অভিনন্দন ও শুভকামনা জানানো হয়।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

