বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রদল চট্টগ্রাম সিটি কলেজে দেয়াললিখন নিয়ে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর ছাত্রশিবিরের হামলার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভমূলক মিছিল বের করেছে।
বুধবার (২২ এপ্রিল) রাত প্রায় সাড়ে ৮ টার সময় সংগঠনের বিভিন্ন স্তরের প্রায় একশতাধিক নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড়ে সমবেত হন। সেখানকার থেকে বিক্ষোভমূলক মিছিল শুরু হয় এবং কেআর মার্কেটসহ ক্যাম্পাসের জরুরি সড়কগুলো ঘুরে আবার জব্বারের মোড়েই মিছিলটি সমাপ্ত করেন।
এ সময় ছাত্রদল নেতা-কর্মীদেরকে ‘লড়াই, লড়াই, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘জামাত-শিবির যেখানে, লড়াই হবে সেখানে’, ‘জামাত-শিবির রাজাকার, এই মুহুর্তে ক্যাম্পাস ছাড়’, ‘শিবিরের সন্ত্রাস, রুখে দাও, রুখে দাও’, ‘জিয়ার সৈনিক এক হও লড়াই কর’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
মিছিল পরবর্তী সমাবেশে বাকৃবি শাখা ছাত্রদলের সদস্যসচিব শফিকুল ইসলাম শফিক বলেন, ‘জাতীয়তাবাদী ছাত্রদল কখনোই গোপন বা গুপ্ত রাজনীতিতে লিপ্ত ছিল না, বরং বিগত ১৭ বছর ধরে প্রকাশ্যে রাজপথে স্বৈরাচারী শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম এবং জেল-জুলুমের মুখোমুখি হয়ে রাজনীতি করে আসছে।
যারা অতীতে ফ্যাসিবাদকে শক্তিশালী করতে মদদ দিয়েছে এবং ছাত্রলীগের সর্বোচ্চ সুবিধাভোগী হিসেবে রাজনীতিকে কলুষিত করেছে, তারা যদি পুনরায় গোপন রাজনীতির আশ্রয় নিয়ে কিংবা সাধারণ শিক্ষার্থীর বেশে ছাত্রদলে অনুপ্রবেশের মাধ্যমে সংগঠনকে অস্থিতিশীল করতে চায়, তবে তাদের কঠোরভাবে মোকাবিলা করা হবে। ছাত্রদলে ঢুকে সন্ত্রাস বা চক্রান্তের মাধ্যমে শিক্ষার পরিবেশ নষ্ট করার যেকোনো অপচেষ্টা রুখে দিতে ছাত্রদল সর্বদা সজাগ রয়েছে।’
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

