রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এ আগামী ১২ এপ্রিল থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে শহীদ আবু সাঈদ বইমেলা। বাংলা নববর্ষ উপলক্ষে ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চার দিনব্যাপী এ বইমেলা চলবে।
শনিবার (১১ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ আবু সাঈদ বইমেলার পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির আয়োজন করেছে। আগামী ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
অন্যদিকে বাংলা নববর্ষের দিন (১৪ এপ্রিল) সকাল ৯টা ১৫ মিনিটে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে আনন্দ শোভাযাত্রা বের হবে। একই দিনে সকাল ১১টা থেকে অ্যাকাডেমিক ভবনগুলোর সামনে বসবে বৈশাখী মেলা, যেখানে বিভিন্ন বিভাগের স্টল থাকবে। দুপুর ২টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মিডিয়া চত্বরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
বইমেলার আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান বলেন, গত বছরের মতো এবারও শহীদ আবু সাঈদের স্মৃতিকে স্মরণ করে এই বইমেলার আয়োজন করা হয়েছে। বইমেলাটি চার দিনব্যাপী চলবে এবং ১২ এপ্রিল বিকেল ৩টায় উদ্বোধন করবেন জুলাই শহীদ আবু সাঈদের পিতা।
তিনি আরও বলেন, দেশের বর্তমান জ্বালানি তেল সংকটের কারণে বইমেলা প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

