রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত সীমান্ত (২৫) বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত দেড়টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের তথ্য অনুযায়ী, সীমান্ত নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামের বাসিন্দা এবং হাজারীবাগের মনেশ্বর রোডের একটি বাসায় সাবলেট হিসেবে থাকতেন।
সীমান্তের চাচা রুহুল আমিন জানান, রাতে দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় তার রুমমেট সন্দেহ হলে বাড়ির মালিককে বিষয়টি জানান। পরে দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও জানান, হাসপাতালে নেওয়ার সময় সীমান্তের মুখ থেকে বিষাক্ত কোনো কিছুর গন্ধ পাওয়া যাচ্ছিল। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি বিষক্রিয়ায় মারা যেতে পারেন। তবে ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।ঘটনার কারণ জানতে তদন্ত চলছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

