জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছভুক্ত ২৩টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিট (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সম্পন্ন হয়।
পরীক্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন ভিজিল্যান্স উপ-কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ.এইচ.এম. কামাল, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ এমদাদুর রাশেদ (রাশেদ-সুখন), আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান।
পরিদর্শনের পর উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, "২০২৫-২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে সি ইউনিটের পরীক্ষা শুরু হয়েছে। দেশের ২৩টি বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। নজরুল বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা অত্যন্ত সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, ছাত্রছাত্রী, বিভিন্ন ছাত্র সংগঠন, স্থানীয় প্রশাসন ও সাংবাদিকবৃন্দ সকলেই পরীক্ষা আয়োজনের সহযোগিতা করছেন।"
উপাচার্য আরও জানান, সি ইউনিটের পরীক্ষা ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের ১৯টি কক্ষে ২টি নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে সম্পন্ন হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন করা হয়েছিল। রাস্তার যানজট নিয়ন্ত্রণ ও নিরবিচ্ছন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা হয়। এছাড়া ময়মনসিংহ ও ভালুকা থেকে পরীক্ষার্থীদের জন্য পর্যাপ্ত বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে মোট ১,১৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৯৯৩ জন, অনুপস্থিত ছিলেন ১৭২ জন। উপস্থিতির হার ৮৫.২৪ শতাংশ।
আগামী ৩ এপ্রিল বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ‘বি’ (মানবিক) ইউনিট এবং ১০ এপ্রিল একই সময়ে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইদিন বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রইং) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটে ৭,০০৭ জন এবং ‘এ’ ইউনিটে ১০,৩৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন।
ফলাফল জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মেধা তালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পছন্দমত বিশ্ববিদ্যালয়ে যোগ্যতার ভিত্তিতে ভর্তি আবেদন করতে পারবেন। নজরুল বিশ্ববিদ্যালয়ে এবার ২৫টি বিভাগে ১,১৫০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

