নওগাঁর মান্দা উপজেলায় বেসরকারি শিশু সদন (এতিমখানা)গুলোর সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, সরকারি সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি নূরানী হাফেজিয়া ও ওসমান গনি শিশু সদন মাদ্রাসা প্রাঙ্গণে মান্দা উপজেলা বেসরকারি শিশু সদন অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আল মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুল হক এবং মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক।
এ ছাড়া উপস্থিত ছিলেন কয়াপাড়া কামারকুড়ি নূরানী হাফেজিয়া মাদ্রাসার মুহতামিম ও ইমাম হাফেজ ক্বারী মাওলানা আল-হেলাল জামালীসহ উপজেলার বিভিন্ন বেসরকারি শিশু সদনের পরিচালক, শিক্ষক, আলেম-ওলামা, সমাজসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভা পরিচালনা করেন মান্দা উপজেলা বেসরকারি শিশু সদন অ্যাসোসিয়েশনের সভাপতি হাফেজ মাওলানা এরশাদ আলী।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেন, “এতিম ও অসহায় শিশুদের সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার দায়িত্ব শুধু সরকারের নয়, সমাজের প্রতিটি সচেতন মানুষের। শিশু সদনগুলোর সমস্যা ও প্রয়োজনীয়তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।”
মতবিনিময় সভায় বক্তারা বেসরকারি শিশু সদনগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, সরকারি সহায়তা বৃদ্ধি এবং এতিম শিশুদের কল্যাণে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

