বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের (বাসদ-মার্ক্সবাদী) নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী জায়েদ হাসান ওয়ালিদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী জাবের ইসলাম।
শুক্রবার (১০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনের মুক্তমঞ্চে অনুষ্ঠিত সংগঠনটির ১৬তম সম্মেলন শেষে ২৬তম কার্যনির্বাহী কমিটির ঘোষণা দেওয়া হয়।
২১ সদস্যবিশিষ্ট নতুন এই কমিটিতে সহ-সভাপতি পদে অমৃতা মন্ডল ও শামিমা শামিম লাভলী, সহ-সম্পাদক শতাব্দী কর, সাংগঠনিক সম্পাদক সবুজ পাল এবং দপ্তর সম্পাদক রাতুল হাসান নির্বাচিত হয়েছেন।
সম্মেলনের উদ্বোধন করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি কমরেড সালমান সিদ্দিকী। পরে বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর পাদদেশ থেকে একটি র্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড রাফিকুজ্জামান ফরিদ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় শিক্ষা ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক গৌতম কর এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্ক্সবাদী) ময়মনসিংহ জেলা শাখার সমন্বয়ক কমরেড শেখর রায়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাসহ ১৬ দফা দাবি তুলে ধরেন। একই সঙ্গে কৃষি শিক্ষার্থীদের কৃষক, কৃষি ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সম্মেলনে সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি সঞ্জয় রায় এবং সঞ্চালনা করেন বিদায়ী সাধারণ সম্পাদক জায়েদ হাসান ওয়ালিদ। আলোচনা শেষে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটির নাম ঘোষণা করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের সমাপ্তি ঘটে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

