সাভারের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চ (নিটার)-এ সোমবার (২২ জুন) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১৬তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের বিভাগভিত্তিক ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টা থেকে শুরু হওয়া এ আয়োজনের মাধ্যমে বিভিন্ন বিভাগের শিক্ষকরা নবীনদের ফুল দিয়ে বরণ করেন এবং একাডেমিক কার্যক্রম, ল্যাব সুবিধা ও ভবিষ্যৎ ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। এসময় শিক্ষার্থীদের মধ্যে সিলেবাস, নোটপ্যাড, কলম ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।
আইপিই বিভাগের অনুষ্ঠানে বিভাগীয় প্রধান রায়হান আহমেদ জয় বলেন, “শুধু বিশ্ববিদ্যালয়ের পরিচয়ে চলা যায় না; নিজের পরিশ্রমই পরিচিতি তৈরি করে।” শিক্ষিকা লাইলাতুল নেহার বলেন, “আইপিই এমন একটি বিভাগ, যেখানে প্রযুক্তির পাশাপাশি নেতৃত্বগুণও তৈরি হয়।” ইইই বিভাগের কোর্স কো-অর্ডিনেটর মো. তুহিন জাহান বলেন, “ইইই-এর ইঞ্জিনিয়াররাই মডার্ন ইঞ্জিনিয়ার।”
সিএসই বিভাগের অনুষ্ঠানে বিভাগীয় প্রধান সাদিয়া সাজ্জাদ এআই যুগে কম্পিউটার বিজ্ঞানের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ফারহাদ আহমেদ ভূঁইয়া এবং কোর্স কো-অর্ডিনেটর দারিমা আফরোজ শর্না নবীনদের একাডেমিক কার্যক্রম ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে দিকনির্দেশনা দেন।
দিনের শেষ পর্বে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ অনুষ্ঠান আটটি সেকশনের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইরা উপস্থিত ছিলেন। অ্যালামনাই প্রতিনিধি হিসেবে ৩৮তম বিসিএসে ১৩তম মেধাক্রম অর্জনকারী ও ডিএমপির কর্মকর্তা শরিফুল ইসলাম শিক্ষার্থীদের অধ্যবসায় ও পেশাগত দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন।
বিভাগীয় প্রধান বোরহান উদ্দিন বান্না বলেন, “শিক্ষিত হওয়ার পাশাপাশি আদর্শ মানুষ হওয়া জরুরি।” কোর্স কো-অর্ডিনেটর মো. নুর আলম নাহিদ বলেন, “যার নেটওয়ার্কিং যত ভালো, তার দুনিয়া তত সহজ।” শিক্ষক ফাতেহ আলী খান বলেন, “বিশ্ববিদ্যালয় জীবনই ভবিষ্যৎ ক্যারিয়ারের ভিত্তি।”
নবীন শিক্ষার্থীদের পক্ষ থেকে সিনিয়রদের সহযোগিতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠান শেষে নিটার টেক্সটাইল ক্লাবের পক্ষ থেকে উপহার প্রদান এবং আসন্ন টেক্সটাইল ফেস্টের ঘোষণা দেওয়া হয়। দিনব্যাপী আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অ্যালামনাই ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে এক প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নবীন শিক্ষার্থীরা তাদের বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়ের সূচনার পাশাপাশি ভবিষ্যৎ পথচলার জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা লাভ করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

