জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীকে সাইবার বুলিং, অশালীন ভাষা ব্যবহার এবং হয়রানিমূলক আচরণের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২১–২০২২ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে ২০২০–২০২১ শিক্ষাবর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী গোলাম রাব্বানীর বিরুদ্ধে তদন্ত করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ–২০১৮’-এর ৪(১)(খ) ধারা অনুযায়ী এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। বহিষ্কারকালীন সময়ে তিনি বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করতে পারবেন না।
রোববার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) স্বাক্ষরিত এ অফিস আদেশটি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

