AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যবিপ্রবিতে অনলাইনে সেমিস্টার ফি প্রদান চালু হচ্ছে


Ekushey Sangbad
আলফাজ হোসেন আরবি ,যবিপ্রবি প্রতিনিধি
০৮:৫২ পিএম, ২১ জানুয়ারি, ২০২৬

যবিপ্রবিতে অনলাইনে সেমিস্টার ফি প্রদান চালু হচ্ছে

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের সেমিস্টার ফি পরিশোধ প্রক্রিয়াকে আরও সহজ, আধুনিক ও সময়সাশ্রয়ী করতে চালু হতে যাচ্ছে অনলাইন সেমিস্টার ফি প্রদান ব্যবস্থা। এর মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংকে না গিয়ে ঘরে বসেই কোনো ধরনের ভোগান্তি ছাড়াই নির্ধারিত সেমিস্টার ফি পরিশোধ করতে পারবেন।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে এ ব্যবস্থা বাস্তবায়নের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সেন্ট্রাল রেজিস্ট্রেশন, টেস্টিমোনিয়াল, মিডিয়াম অব ইনস্ট্রাকশন, মাইগ্রেশন সার্টিফিকেট, জিইএস এবং নো অবজেকশন সার্টিফিকেট (NOC) অনলাইনের মাধ্যমে প্রদান করা হচ্ছে।
একসময় এসব সেবার জন্য শিক্ষার্থীদের সশরীরে উপস্থিত হয়ে হস্তলিখিত আবেদন জমা দিতে হতো, যা ছিল সময়সাপেক্ষ ও কষ্টসাধ্য। এ ভোগান্তি দূর করতে ২০২৫ সালের জুলাই মাস থেকে অনলাইন সেবা প্যানেল (https://dics.just.edu.bd) চালু করা হয়। এর ফলে শিক্ষার্থীরা ঘরে বসেই প্রয়োজনীয় সনদের জন্য আবেদন করতে পারছেন।

এছাড়া পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের অনলাইন সেবা প্যানেল (https://exam.just.edu.bd) এর মাধ্যমে কোর্স রেজিস্ট্রেশন, সাময়িক সনদ, গ্রেডশিট ও মূল মার্কশিট এর জন্যও অনলাইনে আবেদন করা যাচ্ছে। তবে এখনো এসব সেবার নির্ধারিত ফি পরিশোধের জন্য শিক্ষার্থীদের ব্যাংকে সশরীরে উপস্থিত হতে হয়।

এই সীমাবদ্ধতা দূর করতে বিশ্ববিদ্যালয়ে পূর্ণাঙ্গ অনলাইন পেমেন্ট গেটওয়ে চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেসরকারি পেমেন্ট গেটওয়ে বা মোবাইল ব্যাংকিং ব্যবহারে শিক্ষার্থীদের অতিরিক্ত ১.৫% থেকে ২.৫% পর্যন্ত প্রসেসিং ফি গুনতে হয়, যা আর্থিকভাবে বাড়তি চাপ সৃষ্টি করে। এ কারণে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন “এ-চালান (A-Challan) পেমেন্ট গেটওয়ে” ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে শিক্ষার্থীরা কোনো অতিরিক্ত চার্জ বা কমিশন ছাড়াই অনলাইনে বিশ্ববিদ্যালয়ের ফি পরিশোধ করতে পারেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের মতে, এ ডিজিটাল উদ্যোগ শিক্ষার্থীদের সময় ও ভোগান্তি কমানোর পাশাপাশি প্রশাসনিক স্বচ্ছতা ও গতিশীলতা নিশ্চিত করবে। শিক্ষা ও গবেষণার পাশাপাশি ডিজিটাল সেবা প্রদানের ক্ষেত্রেও যবিপ্রবি একটি রোল মডেল হতে বদ্ধপরিকর।

দীর্ঘদিন ধরে ব্যাংকে গিয়ে ফি পরিশোধ করতে গিয়ে শিক্ষার্থীদের নানা ভোগান্তির শিকার হতে হতো। অনেক সময় অনেক শিক্ষার্থীর ক্লাস মিস দিয়ে ব্যাংকে দাড়িয়ে থাকতে হয়৷ সেই সকল ভোগান্তি কমানো এবং ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রথমবারের মতো যবিপ্রবিতে চালু হতে যাচ্ছে অনলাইনে সেমিস্টার ফি প্রদানের ব্যবস্থা।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে এক শিক্ষার্থী বলেন, এটা শিক্ষার্থীদের জন্য অনেক বড় সুবিধা। ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করতে হবে না। বাসা থেকেই নিরাপদে সেমিস্টার ফি পরিশোধ করা যাবে।

যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেন, আমরা পুরো বিশ্ববিদ্যালয়কে অটোমেশনের আওতায় নিয়ে আসতে চাই। আমাদের অফিসিয়াল কার্যক্রম ইতোমধ্যে ডি-নথির মাধ্যমে পরিচালিত হচ্ছে। সারা বাংলাদেশের অল্প কয়েকটি বিশ্ববিদ্যালয় এই ব্যবস্থার আওতায় রয়েছে, যার মধ্যে যবিপ্রবি অন্যতম। শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে অনলাইনে সেমিস্টার ফি পরিশোধের ব্যবস্থা চালুর জন্য রিজেন্ট বোর্ডে অনুমোদন দেওয়া হয়েছে। একটি কমিটি গঠন করা হয়েছে, যারা যাচাই বাচাই শেষে সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চূড়ান্ত চুক্তির কাজ সম্পন্ন করবে। এটি বাস্তবায়িত হলে শিক্ষার্থীদের কষ্ট অনেকটাই লাঘব হবে।

উল্লেখ্য, ফি প্রদানের বিস্তারিত ধাপ বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটে প্রকাশিত ইউজার ম্যানুয়াল থেকে জানা যাবে।

Link copied!