২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘সি’-তে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মরক্কো। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি উপভোগ করতে গ্যালারিতে উপস্থিত রয়েছেন প্রায় ৮০ হাজার দর্শক।
ষষ্ঠ বিশ্বকাপ শিরোপার লক্ষ্যে টুর্নামেন্ট শুরু করেছে ব্রাজিল। ইনজুরির কারণে নেইমার দলে না থাকায় আক্রমণভাগে বাড়তি দায়িত্ব পড়েছে ভিনিসিয়ুস জুনিয়রের ওপর। ম্যাচের আগে তিনি দলকে শিরোপার লড়াইয়ে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তিও দলের সামর্থ্যের ওপর আস্থা প্রকাশ করে বলেন, তার দল বিশ্বের যেকোনো প্রতিপক্ষের সঙ্গে সমানতালে লড়াই করার সক্ষমতা রাখে। একই সঙ্গে তিনি মরক্কোকে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করেন।
অন্যদিকে, ২০২২ বিশ্বকাপে চমক দেখানো মরক্কোও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছে। শক্তিশালী রক্ষণভাগ ও ভারসাম্যপূর্ণ মাঝমাঠ নিয়ে ব্রাজিলকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার লক্ষ্য তাদের।
আলিসন বেকার; রজার ইবানেজ, মারকিনহোস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস; ক্যাসেমিরো, ব্রুনো গিমারায়েস, লুকাস পাকেতা; রাফিনহা, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর থিয়াগো।
ইয়াসিন বোনু; আশরাফ হাকিমি, ইসা দিয়প, শাদি রিয়াদ, নুসাইর মাজরাউই; আয়ুব বুয়াদ্দি, নিল এল আয়নাউই; ব্রাহিম দিয়াজ, আজেদিন উনাহি, বিলাল এল খান্নুস; ইসমাইল সাইবারি।
বিশ্বকাপের শুরুতেই দুই মহাদেশের দুই শক্তিশালী দলের এই লড়াই ফুটবলপ্রেমীদের বাড়তি আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। একদিকে ব্রাজিল চাইছে দীর্ঘদিনের শিরোপাখরা কাটিয়ে নতুন যাত্রার শুভসূচনা করতে, অন্যদিকে মরক্কোর লক্ষ্য বিশ্বমঞ্চে নিজেদের ধারাবাহিক সাফল্যের প্রমাণ দেওয়া।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

