জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে প্রাথমিক ফলাফলে চারটি কেন্দ্রে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি, জিএস ও এজিএস প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ। ঘোষিত কেন্দ্রগুলো হলো— ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, নৃবিজ্ঞান, লোকপ্রশাসন এবং ফার্মেসি বিভাগ।
বিভাগভিত্তিক ফলাফল
ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ১০০ ভোট, জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ ৯০ ভোট এবং এজিএস প্রার্থী মাসুদ রানা পেয়েছেন ৯৮ ভোট। একই বিভাগে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব ৯১ ভোট, জিএস প্রার্থী খাদিজাতুল কোবরা ৪৫ ভোট এবং এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৮৫ ভোট।
নৃবিজ্ঞান বিভাগে শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২৮ ভোট, জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ ১২৩ ভোট এবং এজিএস প্রার্থী মাসুদ রানা পেয়েছেন ১০২ ভোট। অপরদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিব ১১৮ ভোট, খাদিজাতুল কোবরা ৭৩ ভোট এবং আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১২৬ ভোট।
লোকপ্রশাসন বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম পেয়েছেন ১২২ ভোট, জিএস পদে আব্দুল আলিম আরিফ ১২৩ ভোট এবং এজিএস পদে মাসুদ রানা পেয়েছেন ১৩০ ভোট। একই বিভাগে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী একেএম রাকিব ১৩২ ভোট পেলেও জিএস প্রার্থী খাদিজাতুল কোবরা পেয়েছেন ৬২ ভোট এবং এজিএস প্রার্থী আতিকুর রহমান তানজিল পেয়েছেন ১০৬ ভোট।
ফার্মেসি বিভাগে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ৭৮ ভোট, জিএস প্রার্থী আব্দুল আলিম আরিফ ৮৩ ভোট এবং এজিএস প্রার্থী মাসুদ রানা পেয়েছেন ৭৮ ভোট। অপরদিকে ছাত্রদল সমর্থিত প্যানেলের একেএম রাকিব পেয়েছেন ৫৩ ভোট, খাদিজাতুল কোবরা ২৬ ভোট এবং আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৪৫ ভোট।
নির্বাচন কমিশন জানিয়েছে, পর্যায়ক্রমে অন্যান্য কেন্দ্রের ফলাফলও ঘোষণা করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

