AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক



পুশইনে বিএসএফকে সহায়তা করা ৭ বাংলাদেশি আটক

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) পরিচালিত কথিত পুশ-ইন কার্যক্রমে সহযোগিতার অভিযোগে সাত বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।

সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আরও তদন্ত চলছে।

আটক ৭জনই গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের বাসিন্দা। তারা হলেন— দোস মোহাম্মদের ছেলে বাবুল আক্তার (৪০), আব্দুল লতিফের ছেলে এমদাদুল হক (৩৮), ওবায়দুল রহমানের ছেলে রয়েল (২৮), কালুমদ্দিনের ছেলে আজম (৩৫), জমসেদ আলীর ছেলে আলম (৩৮), নাইমুলের ছেলে আসমাউল হক (৩৩) এবং ধুলুর ছেলে মেসবাহুল হক (৩০)।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম জানান, সোমবার রাতে রোকনপুর সীমান্ত দিয়ে কয়েকজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় স্থানীয় কয়েকজন বাংলাদেশি ওই ব্যক্তিদের প্রবেশে সহযোগিতা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানতে পেরে বিজিবি সদস্যরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেন এবং ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেন।

তিনি আরও জানান, ভোর ৪টার দিকে বিজিবি আটক চারজনকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে। পরে একই অভিযোগে আরও তিনজনকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে বিজিবি-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের আওতাধীন ওয়াদা ক্যাম্পের সদস্যরা রাতে নৌকাযোগে কয়েকজনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করে। তবে বিজিবির টহল দলের তাৎক্ষণিক পদক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়।

সীমান্তে পুশ-ইনের এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিজিবি বলছে, সীমান্তে নজরদারি জোরদার রয়েছে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইনের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!