বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে এই সময়ের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস ও পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিক শোক পালন করা হবে। এ সময় শিক্ষাক্রমসংক্রান্ত সব কার্যক্রম বন্ধ থাকবে। শোকের অংশ হিসেবে ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
এ ছাড়া রাষ্ট্রীয় শোক কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরবর্তী সময়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে। খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক অবদানকে কেন্দ্র করে একাডেমিক আলোচনা, সেমিনারসহ স্মরণানুষ্ঠান আয়োজনের কথাও জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ আবাসিক হল, হোস্টেল ও সংশ্লিষ্ট এলাকার মসজিদগুলোতে মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
এদিকে, বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিতব্য খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পরিবহন ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।
খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, দেশ ও জাতির কল্যাণে খালেদা জিয়ার আজীবন ভূমিকা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
উল্লেখ্য, মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিশিষ্টজনেরা শোক জানিয়েছেন। বিএনপির পক্ষ থেকে সাত দিনের শোক কর্মসূচিও ঘোষণা করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

