রাজধানীর ঐতিহ্যবাহী কবি নজরুল সরকারি কলেজ মাঠে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৮টায় কবি নজরুল ক্রীড়া সংঘের আয়োজনে ‘সবার আগে বাংলাদেশ’ শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের জমজমাট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় মুখোমুখি হয় রাজশাহী কিংস ও প্রাণীবিদ্যা বিভাগ।
কবি নজরুল ক্রীড়া সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরউদ্দিন তুহিন। এছাড়াও উপস্থিত ছিলেন কবি নজরুল কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম, কবি নজরুল কলেজ ছাত্রদলের সেক্রেটারি নাজমুলসহ অন্যান্য নেতাকর্মীরা।
এসময় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, “প্রথমেই কবি নজরুল ক্রীড়া সংঘকে এত সুন্দর একটি খেলার আয়োজন করার জন্য ধন্যবাদ জানাই। আপনারা জানেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে পরিকল্পিতভাবে ছাত্রসমাজকে ধ্বংস করার জন্য মাদক ব্যবসাসহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রম চালানো হয়েছে। দেশের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিতে দেশি-আন্তর্জাতিক চক্রান্তকারীরা সেই পরিকল্পনা করেছিল।”
তিনি আরও বলেন, “আমরা এখান থেকে উত্তরণ ঘটিয়ে আগামী দিনে ক্রীড়া চর্চার মাধ্যমে মাদকাসক্তির সমস্যা সমাধান করতে চাই। শিক্ষা ও ক্রীড়াকে একসঙ্গে যুক্ত করে ছাত্রসমাজকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেই পরিকল্পনাও আমাদের রয়েছে।”
এসময় তিনি ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হাদীর ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, “গণতন্ত্র ও দেশের পক্ষে অবস্থান নেওয়ার কারণে তাঁকে ন্যাক্কারজনক হামলার শিকার হতে হয়েছে।” তিনি হাদীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাঁর জন্য দোয়া করার আহ্বান জানান।
ইশরাক হোসেন আরও বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন। তিনি দেশে ফিরে জনগণকে সঙ্গে নিয়ে সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বাংলাদেশকে একটি পূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করবেন, ইনশাআল্লাহ।”
ফাইনাল খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন কলেজের তিন শিক্ষার্থী মো. জহির রায়হান, মো. সোহাগ মিয়া ও মো. আহসানুর সাগর। টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন মো. শেখ ফয়সাল, মো. সোহাগ মিয়া, মো. জহির রায়হান ও মো. আহসানুর সাগর।
দর্শকদের উপস্থিতিতে জমজমাট পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল খেলাকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
ফাইনাল ম্যাচে প্রাণীবিদ্যা বিভাগ টস জিতে রাজশাহী কিংসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায়। নির্ধারিত ওভারে রাজশাহী কিংস ৪ উইকেট হারিয়ে ১০৩ রান সংগ্রহ করে। জবাবে প্রাণীবিদ্যা বিভাগ সব উইকেট হারিয়ে ৬০ রান সংগ্রহ করলে রাজশাহী কিংস বিজয় লাভ করে।
খেলা শেষে অতিথিরা বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

