ফিফা বিশ্বকাপের সেমিফাইনালকে ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। বিশেষ করে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের টিকিটের চাহিদা অন্য সেমিফাইনালের তুলনায় অনেক বেশি। এর প্রভাব পড়েছে টিকিটের বাজারেও, যেখানে এই ম্যাচের সর্বনিম্ন মূল্য ফ্রান্স-স্পেন লড়াইয়ের টিকিটের তুলনায় দ্বিগুণেরও বেশি।
বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ১টায় ডালাসে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ফ্রান্স ও তিন নম্বরে থাকা স্পেন।
টিকিট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট TicketData.com–এর তথ্য অনুযায়ী, সোমবার রাত পর্যন্ত ফ্রান্স-স্পেন ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ১ হাজার ৩২৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৬৩ হাজার টাকার সমান। গত তিন দিনে এ ম্যাচের টিকিটের দাম প্রায় ২৬ শতাংশ কমেছে।
অন্যদিকে, আটলান্টায় অনুষ্ঠিতব্য আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের সর্বনিম্ন টিকিটের দাম দাঁড়িয়েছে ২ হাজার ৮৪১ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৩ লাখ টাকার বেশি। অর্থাৎ, এই ম্যাচের প্রবেশমূল্য ফ্রান্স-স্পেন ম্যাচের তুলনায় দ্বিগুণেরও বেশি।
তথ্য অনুযায়ী, গত তিন দিনে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের টিকিটের দাম প্রায় ৩৪ শতাংশ বেড়েছে। শনিবার সর্বনিম্ন টিকিটের মূল্য ২ হাজার ৯৬৬ ডলারে পৌঁছালেও পরে তা কিছুটা কমে বর্তমান পর্যায়ে নেমে এসেছে।
বিশ্লেষকদের মতে, আটলান্টায় আর্জেন্টিনার বিপুলসংখ্যক সমর্থকের উপস্থিতি এবং স্থানীয় ফুটবল সংস্কৃতির সঙ্গে আর্জেন্টাইন খেলোয়াড়দের দীর্ঘদিনের সম্পর্ক টিকিটের চাহিদা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এদিকে, আগামী শনিবার দিবাগত রাত ৩টায় মায়ামিতে অনুষ্ঠিতব্য তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য ১ হাজার ৫৪৩ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৯০ হাজার টাকার সমান।
অন্যদিকে, নিউ জার্সিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের ফাইনালের টিকিটের চাহিদাও বেশ উচ্চ। বর্তমানে ফাইনালের সর্বনিম্ন টিকিটের মূল্য ৬ হাজার ৭৬০ মার্কিন ডলার, অর্থাৎ প্রায় ৮ লাখ ৩৩ হাজার টাকা। যদিও গত ৭২ ঘণ্টায় এ দামে প্রায় ৬ শতাংশ হ্রাস পেয়েছে।
টিকিটের মূল্য বিশ্লেষণে দেখা যায়, গত অক্টোবরে ফাইনালের সর্বনিম্ন টিকিটের দাম ১৩ হাজার ৬৫০ ডলার পর্যন্ত উঠেছিল। পরে ২১ জুন তা ছিল ১২ হাজার ৩০১ ডলার এবং ৬ জুলাই নেমে আসে ৯ হাজার ৯১১ ডলারে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

