চট্টগ্রামের বোয়ালখালীতে এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে মোহাম্মদ মোক্তিয়ার (৪০) নামে এক শিক্ষককে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাতে উপজেলার কধুরখীলের একটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তাকে আটক করা হয়।
আটকের আগে একই দিন শিক্ষক মোক্তিয়ারের বিরুদ্ধে শিশু আইন, ২০১৩-এর ৭০ ধারায় অভিযোগ এনে থানায় এজাহার দায়ের করেন শিক্ষার্থীর বাবা মো. ফরিদুল আলম।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্তভার গ্রহণের পর অভিযুক্ত শিক্ষক মোক্তিয়ারকে আটক করা হয়েছে।
আটক মোক্তিয়ার নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার খাজা রোডের বোচন মিস্ত্রির বাড়ির বাসিন্দা মো. বখতিয়ারের ছেলে। তিনি কধুরখীলের আল কুরআন একাডেমির মুতাফাররিকা বিভাগের হিসাবরক্ষক ও শিক্ষক।
মামলার বাদী, নগরীর হালিশহর থানার উত্তর আগ্রাবাদ রঙ্গিপাড়া এলাকার রমনা আবাসিকের বাসিন্দা মো. ফরিদুল আলম জানান, তার ছেলে হাফেজ আবদুল্লাহ আল তাওসিফ (১৪) আল কুরআন একাডেমির মুতাফাররিকা বিভাগের শিক্ষার্থী।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৮ জুলাই সকাল ৬টার দিকে এক সপ্তাহ আগে অবসরের সময় খেলাধুলা করার অভিযোগ তুলে শিক্ষক মোক্তিয়ার তাওসিফকে গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি বেত্রাঘাত, কিল-ঘুষি মারেন, এতে তাওসিফ আহত হয়। পরে আহত অবস্থায় তাকে কোনো চিকিৎসা না দিয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত একটি কক্ষে আটকে রাখা হয়। ওই দিন আসরের নামাজের সময় সুযোগ পেয়ে তাওসিফ বাড়িতে চলে আসে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
মামলার বাদী আরও জানান, থানায় এজাহার দায়েরের আগে ঘটনার পরদিন, অর্থাৎ ৯ জুলাই তিনি বোয়ালখালী থানা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছিলেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, “একজন শিক্ষার্থীকে অতিরিক্ত মারধরের অভিযোগে ওই শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) তাকে আদালতে পাঠানো হয়েছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

