গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ‘স্থানীয় পর্যায়ে বন্যার আগাম সতর্কবার্তা ও প্রচার ব্যবস্থার উন্নয়ন’ এবং ‘প্রভাতী প্রকল্প-ডিডিএম কম্পোনেন্ট’-এর আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঈফফাত জাহান তুলি। এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মশিয়ার রহমানের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের উত্তরাঞ্চলীয় পানি বিজ্ঞান পরিমাপ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শিব্বির হোসেন, ‘প্রভাতী প্রকল্প-ডিডিএম কম্পোনেন্ট’-এর জিআইএস স্পেশালিস্ট আসিফ মাহমদ অনিক, বেলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিলুল্লাহ এবং সুন্দরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মো. আব্দুল মান্নান আকন্দ।
কর্মশালায় বন্যার আগাম সতর্কবার্তা, বন্যা ঝুঁকি মোকাবিলায় করণীয়, স্থানীয় পর্যায়ে আগাম তথ্য প্রচারের কার্যকর পদ্ধতি এবং পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন কার্যক্রম ও প্রস্তুতি বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে দিকনির্দেশনামূলক উপস্থাপনা করা হয়।
বক্তারা বলেন, সময়মতো সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া গেলে বন্যাজনিত ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, সাংবাদিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদারের মাধ্যমে দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

