সম্প্রতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠ মাতানো তরুণ মিডফিল্ডার জেইডেন অ্যাডামস আর নেই। মাত্র ২৫ বছর বয়সে তার মৃত্যুতে দেশটির ফুটবলাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার গ্রুপ পর্বের তিনটি ম্যাচেই একাদশে ছিলেন অ্যাডামস। তার দল নকআউট পর্বে জায়গা করে নিলেও শেষ ৩২-এর লড়াইয়ে সহ-আয়োজক কানাডার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।
অ্যাডামসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়া, শিল্প ও সংস্কৃতিমন্ত্রী গেটন ম্যাকেঞ্জি। এক শোকবার্তায় তিনি বলেন, দেশের ফুটবল অঙ্গন সম্ভাবনাময় এক প্রতিভাকে হারিয়েছে। এই কঠিন সময়ে তিনি অ্যাডামসের পরিবার, সতীর্থ ও সমর্থকদের প্রতি সমবেদনা জানান।
দক্ষিণ আফ্রিকার পুলিশ জানিয়েছে, শনিবার সকালে কেপ টাউনের কেন্দ্রীয় উপশহর স্কটসচেকলুফের একটি বাড়ি থেকে ২৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। যদিও পুলিশ আনুষ্ঠানিকভাবে পরিচয় প্রকাশ করেনি, দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম মরদেহটি জেইডেন অ্যাডামসের বলে জানিয়েছে।
ক্রীড়ামন্ত্রী ম্যাকেঞ্জি আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তিনি গণমাধ্যম ও সাধারণ মানুষকে গুজব বা ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান এবং অ্যাডামসের পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান প্রদর্শনের অনুরোধ করেন। তার ভাষ্য, তদন্ত শেষ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য জানাবে।
উল্লেখ্য, ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার জাতীয় ফুটবল দলে অভিষেক হয়েছিল জেইডেন অ্যাডামসের। অল্প সময়ের মধ্যেই তিনি জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

