যুক্তরাজ্যে স্ত্রী ও দুই কন্যাকে হত্যার অভিযোগে পলাতক জিম্বাবুয়ে-জন্ম ব্রিটিশ নাগরিক নদোদানা মখানিসি শুমা (৪৫)-কে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের কেনসিংটন এলাকা থেকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
শনিবার (১১ জুলাই) দক্ষিণ আফ্রিকা পুলিশ সার্ভিস (এসএপিএস) এক বিবৃতিতে জানায়, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল, ক্রাইম ইন্টেলিজেন্স এবং অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের সমন্বিত গোয়েন্দা অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, তশুমার বিরুদ্ধে যুক্তরাজ্যের বেডফোর্ডশায়ারের লুটন এলাকার একটি বাসভবনে তার স্ত্রী নোথাবো জান্দিলে তশুমা (৪২) এবং দুই কন্যা নাটালি (১৫) ও নালা (৫)-কে হত্যার অভিযোগ রয়েছে। মর্মান্তিক এ ঘটনার পর তিনি যুক্তরাজ্য ছেড়ে পালিয়ে যান। পরে ইন্টারপোলের মাধ্যমে তাকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আন্তর্জাতিক পর্যায়ে অনুসন্ধান শুরু হয়।
দীর্ঘ গোয়েন্দা নজরদারির পর দক্ষিণ আফ্রিকার আইন-শৃঙ্খলা বাহিনী জোহানেসবার্গের কেনসিংটন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশের ভাষ্য, আন্তর্জাতিক অপরাধ দমনে বিভিন্ন দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সমন্বিত সহযোগিতার এটি একটি উল্লেখযোগ্য সাফল্য।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে সোমবার আদালতে হাজির করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী যুক্তরাজ্যের অনুরোধের ভিত্তিতে তার বিরুদ্ধে প্রত্যর্পণ কার্যক্রম শুরু হবে। প্রত্যর্পণ অনুমোদিত হলে তাকে বিচারের মুখোমুখি করতে যুক্তরাজ্যে পাঠানো হবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

