AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১১ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৭ উইকেটে স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:০৯ পিএম, ১১ জুলাই, ২০২৬

৭ উইকেটে স্বস্তির জয়ে হোয়াইটওয়াশ এড়াল বাংলাদেশ

টানা দুই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ওয়ানডে সিরিজ হারানোর পর শেষ ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। হারারেতে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে মেহেদী হাসান মিরাজের দল। ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় স্বাগতিক জিম্বাবুয়ে।

টস হেরে আগে ব্যাটিং করতে নেমে জিম্বাবুয়ে ৪৮.১ ওভারে ১৯৯ রানে অলআউট হয়। জবাবে বাংলাদেশ মাত্র ৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।

২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ১৫১ রান, যা জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশের যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটির নতুন রেকর্ড।

সৌম্য সরকার ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৯ রান করে চিভাঙ্গার বলে বোল্ড হন। এটি ছিল তার ক্যারিয়ারের ১৫তম ওয়ানডে অর্ধশতক।

অন্য প্রান্তে তানজিদ হাসান তামিম দুর্দান্ত ব্যাটিং করে সেঞ্চুরির খুব কাছাকাছি পৌঁছে যান। তবে ব্যক্তিগত ৯৪ রানে বড় শট খেলতে গিয়ে আউট হন তিনি। তার ৭৪ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ৩টি ছক্কা। অসাধারণ এই ইনিংসের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কার জেতেন তানজিদ।

শেষ দিকে তাওহীদ হৃদয় শূন্য রানে ফিরলেও বাংলাদেশের জয় নিশ্চিত করতে আর কোনো সমস্যা হয়নি।

বাংলাদেশের এই জয়ে জিম্বাবুয়ের ফিল্ডিংও একটি বড় ভূমিকা রেখেছে। ম্যাচজুড়ে স্বাগতিকরা পাঁচটি ক্যাচ হাতছাড়া করে, যার সুযোগ কাজে লাগিয়ে বড় ইনিংস খেলেন সৌম্য ও তানজিদ।

এর আগে বল হাতে বাংলাদেশের সাফল্যের নায়ক ছিলেন শরিফুল ইসলাম। একাদশে ফিরে বাঁহাতি এই পেসার ১০ ওভারে ৪৪ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন ওয়েসলি মাধভেরে। ইনিংসের শুরুতেই একটি জীবন পাওয়ার পর ৭৪ বলে ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে এই রান করেন তিনি। এছাড়া ব্র্যাড ইভান্স ৪৩ বলে ৫০ রান করে দলের সংগ্রহ বাড়ান। ইনোসেন্ট কাইয়া করেন ২৫ রান। বাকি ব্যাটারদের কেউ উল্লেখযোগ্য অবদান রাখতে পারেননি।

ওয়ানডে সিরিজ শেষ হলেও জিম্বাবুয়ে সফরে বাংলাদেশের মিশন এখনও শেষ হয়নি। টেস্ট ও ওয়ানডে সিরিজ হারানোর পর এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা। আগামী ১৫, ১৭ ও ১৯ জুলাই বুলাওয়েতে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি ম্যাচ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!