AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উজবেকিস্তানকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের নকআউটে কঙ্গো


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:২৫ এএম, ২৮ জুন, ২০২৬

উজবেকিস্তানকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের নকআউটে কঙ্গো

দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখে প্রথমবারের মতো ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে গণতান্ত্রিক কঙ্গো। গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে আফ্রিকার দলটি।

রোববার (২৮ জুন) যুক্তরাষ্ট্রের আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় কঙ্গো। তবে ম্যাচের ১০ম মিনিটেই এলদোর শোমুরোদভের গোলে এগিয়ে যায় উজবেকিস্তান।

প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের বেশির ভাগ সময় আক্রমণ চালিয়েও গোলের দেখা পাচ্ছিল না কঙ্গো। শেষ পর্যন্ত ৬৮তম মিনিটে পেনাল্টি থেকে সমতায় ফেরে দলটি। বক্সের ভেতরে ইয়োয়ানে উইসাকে ফাউল করলে স্পটকিকের সিদ্ধান্ত দেন রেফারি। সুযোগ কাজে লাগিয়ে গোল করেন উইসা।

সমতায় ফেরার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় কঙ্গো। ৭৮তম মিনিটে ফিস্টন মায়েলের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকার প্রতিনিধিরা।

যোগ করা সময়ের প্রথম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন ইয়োয়ানে উইসা। তার জোড়া গোলেই ৩-১ ব্যবধানে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় গণতান্ত্রিক কঙ্গো।

এই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করল কঙ্গো।

এর আগে ১৯৭৪ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নিয়েছিল দেশটি। সে আসরে তিনটি ম্যাচেই হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। এমনকি যুগোস্লাভিয়ার কাছে ৯-০ গোলের বড় পরাজয়ও বরণ করতে হয়েছিল।

দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপে ফিরে এবার ভিন্ন চিত্র দেখিয়েছে গণতান্ত্রিক কঙ্গো। প্রথম ম্যাচে পর্তুগালের সঙ্গে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হারলেও শেষ ম্যাচে জয় তুলে নিয়ে ইতিহাস গড়ল আফ্রিকার দলটি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!