মৌলভীবাজারের জুড়ী উপজেলায় সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক নারীর পা ধারালো অস্ত্রের কোপে বিচ্ছিন্ন হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে।
শনিবার (২৫ জুলাই) উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকার দুটি পরিবারের মধ্যে সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। অভিযোগ রয়েছে, এ সময় রুজিনা বেগম নামের এক নারী ধারালো দা দিয়ে হালিমা বেগমকে এলোপাতাড়ি কোপ দেন। এতে হালিমা বেগমের একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত হালিমা বেগমকে উদ্ধার করে প্রথমে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
জুড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বিষয়টি নিশ্চিত করে বলেন, গুরুতর আহত অবস্থায় ওই নারীকে হাসপাতালে আনা হয়েছিল। আঘাত অত্যন্ত গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

