অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয়ের পর টি-টোয়েন্টিতে সম্পূর্ণ বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচেও অজিদের কাছে পাত্তা পায়নি টাইগাররা। এতে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় নিয়ে ৩-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় অস্ট্রেলিয়া।
রোববার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কিন্তু শুরু থেকেই ব্যাটিং ধস নামে।
মাত্র ৭ রানের মধ্যে দুই ওপেনার ফিরে যান। তানজিদ হাসান তামিম রান আউটে ৫ রানে এবং সাইফ হাসান ১ রানে আউট হন। এরপর পারভেজ হোসেন ইমন ১৩ বলে ১ রান করে ব্যর্থ হন।
পাওয়ারপ্লের ৬ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে মাত্র ২২ রান, হারায় ৩ উইকেট। এরপর অধিনায়ক তাওহীদ হৃদয় এক প্রান্ত আগলে রাখার চেষ্টা করেন। তবে অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ।
নুরুল হাসান সোহান ৬ রান, শামীম হোসেন শূন্য এবং রিশাদ হোসেন ১৬ রান করে আউট হন। শেষ পর্যন্ত হৃদয়ের ৫১ বলে ৬১ রানের লড়াকু ইনিংসে কোনোভাবে ১০০ পেরোয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে স্কোরবোর্ডে ওঠে ১০৯ রান।
অস্ট্রেলিয়ার হয়ে স্পেনসার জনসন, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা নেন ২টি করে উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে অস্ট্রেলিয়া। প্রথম ওভারেই শরিফুল ইসলামের ওভার থেকে আসে ১৭ রান। ওপেনার মিচেল মার্শ ও জশ ইংলিস দ্রুতগতিতে রান তুলতে থাকেন।
দুই ওপেনার মিলে গড়েন ৫৪ রানের জুটি। ইংলিস ১৬ বলে ১৭ রান করে আউট হলেও মার্শ খেলেন বিধ্বংসী ইনিংস। ২৮ বলে ৬০ রান করে বাংলাদেশের বোলারদের ওপর চাপ তৈরি করেন তিনি।
শেষ পর্যন্ত ৫৪ বল হাতে রেখে ৭ উইকেটের সহজ জয় পায় অস্ট্রেলিয়া। কুপার কনোলি, ম্যাট রেনশ ও টিম ডেভিডের ছোট ছোট ইনিংসে জয় নিশ্চিত করে সফরকারীরা।
বাংলাদেশের হয়ে নাসুম আহমেদ, রিশাদ হোসেন ও শরিফুল ইসলাম একটি করে উইকেট নেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

