অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ভালো শুরুর পর দ্রুত তিন গুরুত্বপূর্ণ ব্যাটারের উইকেট হারিয়ে চাপে পড়েছে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম, লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত সাজঘরে ফেরার পর স্বাগতিকদের ইনিংসে ছন্দপতন দেখা দিয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮০ রান।মোসাদ্দেক ২৮ ও হৃদয় ১৬ রানে অপরাজিত।পঞ্চম উইকেটে দুজনে অবিচ্ছিন্ন ৪০ রানের জুটি গড়েছেন।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার সাইফ হাসানকে হারায় বাংলাদেশ।
নাথান এলিসের করা ওভারে প্রথম বলটি বাউন্ডারিতে পাঠালেও পরের ডেলিভারিতে স্লিপে মার্নাস লাবুশেনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন সাইফ। তিনি ৫ বলে ৫ রান করেন।
এরপর তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্ত মিলে ইনিংস গড়ার চেষ্টা করেন। দ্বিতীয় উইকেটে ৯১ বলে ৯৬ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে শতরানের মাইলফলক পার করান তারা।
শুরুর দিকে শান্তও ক্যাচের সুযোগ দিয়েছিলেন। এলিসের বলে দ্বিতীয় স্লিপে লাবুশেন সেই ক্যাচ নিতে না পারায় জীবন পান বাংলাদেশ অধিনায়ক।
ওয়ানডেতে দারুণ ফর্মে থাকা তানজিদ তামিম এবারও আত্মবিশ্বাসী ব্যাটিং করেন। মাত্র ৪১ বলে অর্ধশতক পূর্ণ করলেও ইনিংস বড় করতে পারেননি। নাথান এলিসের ধীরগতির বলে মিড-অফে জেভিয়ার বার্টলেটের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ৪৪ বলে ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৪ রান করেন বাঁহাতি এই ওপেনার।
তামিমের বিদায়ের পর দ্রুতই লিটন দাস ও নাজমুল হোসেন শান্তও আউট হন। ফলে শক্ত অবস্থানে থাকা বাংলাদেশ মুহূর্তেই চাপে পড়ে যায় এবং মধ্য ওভারে ইনিংসের দায়িত্ব বর্তায় পরের ব্যাটারদের ওপর।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

