২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা।
ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল যুক্তরাষ্ট্র। ১১তম মিনিটে অস্ট্রেলিয়ার ডিফেন্ডার ক্যামেরন বার্জেসের আত্মঘাতী গোলে এগিয়ে যায় মরিসিও পচেত্তিনোর দল। প্রথমার্ধের ৪৩তম মিনিটে রাইট-ব্যাক অ্যালেক্স ফ্রিম্যান গোল করে ব্যবধান ২-০ করেন।
এই জয় নিয়ে দুই ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট অর্জন করেছে যুক্তরাষ্ট্র। ফলে এক ম্যাচ হাতে রেখেই তারা নিশ্চিত করেছে বিশ্বকাপের নকআউট পর্বের টিকিট।
ম্যাচের আগে ইনজুরির কারণে দলে ছিলেন না যুক্তরাষ্ট্রের অন্যতম তারকা ক্রিশ্চিয়ান পুলিসিচ। কাফের চোটে তার অনুপস্থিতি সত্ত্বেও আক্রমণ ও রক্ষণ—দুই বিভাগেই সংগঠিত ফুটবল খেলেছে স্বাগতিকরা।
অন্যদিকে, প্রথম ম্যাচে জয় পাওয়া অস্ট্রেলিয়া এই পরাজয়ে গ্রুপের সমীকরণে চাপে পড়ে গেছে। তাদের শেষ গ্রুপ ম্যাচে প্রতিপক্ষ প্যারাগুয়ে। নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতে সেই ম্যাচে জয় প্রয়োজন হবে অস্ট্রেলিয়ার।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

