দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে জার্মানি। কুরাসাওকে ৭-১ গোলে পরাজিত করার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক গোল করা দলের নতুন রেকর্ডও গড়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এই ম্যাচে সাত গোল যোগ হওয়ায় বিশ্বকাপে জার্মানির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২৩৯। এর আগে ২৩৮ গোল নিয়ে তালিকার শীর্ষে ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নতুন এই অর্জনের মাধ্যমে ব্রাজিলকে পেছনে ফেলেছে জুলিয়ান নাগেলসমানের শিষ্যরা। তালিকায় ১৫২ গোল নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আর্জেন্টিনা।
রেকর্ড গড়ার ম্যাচে জার্মানির সাতটি গোল এসেছে ছয়জন ভিন্ন ফুটবলারের কাছ থেকে। ম্যাচের শুরুতেই ফেলিক্স এনমেচা গোল করে দলকে এগিয়ে দেন। তবে বিশ্বকাপে নিজেদের অভিষেক ম্যাচ খেলতে নামা কুরাসাও ২১তম মিনিটে লিভানো কোমেনেনসিয়ার গোলে সমতা ফিরিয়ে লড়াইয়ে ফেরে।
এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে তুলে নেয় জার্মানি। ৩৮তম মিনিটে নিকো শ্লটারবেক হেড থেকে গোল করে আবারও দলকে এগিয়ে দেন। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান ৩-১ করেন কাই হাভার্টজ।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে জার্মানি। ৫২তম মিনিটে গোল করেন জামাল মুসিয়ালা। এরপর নাথানিয়েল ব্রাউন ও ডেনিস উনদাভ গোল করে ব্যবধান বাড়ান। ম্যাচের শেষদিকে নিজের দ্বিতীয় গোল করে ৭-১ ব্যবধানে জয় নিশ্চিত করেন হাভার্টজ।
ম্যাচের শুরুতে কুরাসাও সমতা ফেরালেও শেষ পর্যন্ত জার্মানদের ধারালো আক্রমণের সামনে টিকতে পারেনি। বড় এই জয়ের পাশাপাশি বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা দলের স্বীকৃতি অর্জন করে নতুন মাইলফলক স্পর্শ করল জার্মানি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

