AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে আর্জেন্টিনার‘গোপন’ পরিকল্পনা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:৫১ পিএম, ৪ জুন, ২০২৬

বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে আর্জেন্টিনার‘গোপন’ পরিকল্পনা

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি জোরদার করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার লক্ষ্যে মূল স্কোয়াডের পাশাপাশি সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ পরিকল্পনাও গ্রহণ করেছে লিওনেল স্কালোনির দল।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, মূল দলে থাকা কোনো ফুটবলার চোট বা অন্য কারণে ছিটকে গেলে তাৎক্ষণিক বিকল্প হিসেবে চারজন খেলোয়াড়কে প্রস্তুত রাখা হয়েছে। এই রিজার্ভ তালিকায় রয়েছেন এমিলিয়ানো বুয়েন্দিয়া, সান্তিয়াগো বেলত্রান, নিকোলাস কাপালদো ও ম্যাক্সিমো পেরোনে।

জানা গেছে, যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে তারা মূল দলের খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনও করেছেন। কোচিং স্টাফ তাদের যেকোনো সময় জাতীয় দলে ডাক পাওয়ার জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছে।

রিজার্ভ তালিকায় থাকা গোলরক্ষক সান্তিয়াগো বেলত্রানকে বিবেচনা করা হচ্ছে এমিলিয়ানো মার্তিনেসের বিকল্প হিসেবে। মার্তিনেস এখনও আঙুলের চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি। অন্যদিকে নিকোলাস কাপালদোর দলে অন্তর্ভুক্তির সম্ভাবনা নির্ভর করছে ডিফেন্ডার গনজালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনার শারীরিক অবস্থার ওপর।

২০২২ সালে কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। সেই দলের বেশিরভাগ খেলোয়াড়কেই এবারও স্কোয়াডে রাখা হয়েছে।

আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে ২০২৬ বিশ্বকাপ। টুর্নামেন্টে শিরোপা রক্ষার মিশনে নামার আগে আর্জেন্টিনা হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।

বিশ্বকাপে আর্জেন্টিনার অভিযান শুরু হবে ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর গ্রুপ পর্বে তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

শিরোপাধারী হিসেবে বাড়তি প্রত্যাশার চাপ থাকলেও সম্ভাব্য সব পরিস্থিতি বিবেচনায় রেখে পরিকল্পনা সাজাচ্ছে আর্জেন্টিনা। দলটির লক্ষ্য, টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে বিশ্ব ফুটবলে নিজেদের আধিপত্য আরও সুদৃঢ় করা।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!