২০২৬ ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরুর মাত্র দেড় মাস আগে ইরান জাতীয় ফুটবল দল-এর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার কারণে নিজেদের ম্যাচের ভেন্যু পরিবর্তনের জন্য ফিফা-এর কাছে আবেদন জানিয়েছিল ইরান। তবে সেই আবেদনে সাড়া না মেলায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। এ অবস্থায় ফিফার সঙ্গে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।
সম্প্রতি কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে অংশ নিতে গিয়ে ইরানি প্রতিনিধিরা টরন্টো বিমানবন্দরে সমস্যার মুখে পড়েন এবং দেশে ফিরে যেতে বাধ্য হন।
ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ জানান, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ফিফার সঙ্গে দ্রুত বৈঠক প্রয়োজন। এদিকে ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রোম ইরানকে আগামী ২০ মের মধ্যে জুরিখে আলোচনায় অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন।
গত ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর দেশটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রে খেলতে আপত্তি জানিয়ে ভেন্যু পরিবর্তনের অনুরোধও করেছিল ইরান। তবে সেই প্রস্তাবে সাড়া দেয়নি ফিফা।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো একাধিকবার জানিয়েছেন, সূচি অনুযায়ী ইরান যুক্তরাষ্ট্রেই তাদের ম্যাচগুলো খেলবে এবং বিশ্বকাপে অংশ নেবে।
ইরান এরই মধ্যে এশিয়ান বাছাইপর্বে নিজেদের গ্রুপে শীর্ষে থেকে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। বিশ্বকাপের গ্রুপ ‘জি’-তে ইরানের প্রতিপক্ষ বেলজিয়াম, মিশর ও নিউজিল্যান্ড। তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস ও সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সম্ভাব্যভাবে নকআউট পর্বে ডালাসে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার সুযোগও তৈরি হতে পারে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

