মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ বৃষ্টির কারণে কিছু সময়ের জন্য বন্ধ থাকার পর পুনরায় শুরু হওয়ার সিদ্ধান্ত হয়েছে। দুপুর ২টা ৩৭ মিনিটে শুরু হওয়া বৃষ্টি থামে প্রায় ৩টা ১০ মিনিটে। মাঠ প্রস্তুতির পর বিকেল সাড়ে ৪টায় খেলা শুরু হয়েছে।
বৃষ্টি শুরুর আগে ৬.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। বিরতির পর ম্যাচটি সংক্ষিপ্ত করে উভয় দলের জন্য ১৫ ওভার নির্ধারণ করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, প্রতিটি দলের বোলাররা সর্বোচ্চ ৩ ওভার পর্যন্ত বল করতে পারবেন এবং পাওয়ার প্লে থাকবে ৪.৩ ওভার পর্যন্ত।
এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ, আর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।
ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটামুটি ভালোই ছিল স্বাগতিকদের। তবে ২১ রানে প্রথম উইকেট হারায় তারা। জেইডেন লেনক্সের বলে বড় শট খেলতে গিয়ে সাইফ হাসান (১৬) ক্যাচ তুলে দেন রবিনসনের হাতে।
এরপর অধিনায়ক লিটন দাস দ্রুত রান তুললেও দলীয় ৩৫ রানে পরপর দুই বলে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। নাথান স্মিথের বলে বোল্ড হন তানজিদ হাসান তামিম (৬), আর পরের বলেই বাউন্স সামলাতে না পেরে ক্যাচ দিয়ে শূন্য রানে বিদায় নেন পারভেজ হোসেন ইমন।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

