সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অপরাজিত থেকে শিরোপা জেতা বাংলাদেশ দলকে সংবর্ধনা দিতে হাতিরঝিলে আয়োজন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
মালদ্বীপের মালে থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দলটি ঢাকায় ফিরছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। দলকে অভ্যর্থনা জানাতে সেখানে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকসহ বাফুফের কর্মকর্তারা।
বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা জানানোর পর খেলোয়াড়দের নিয়ে যাওয়া হবে হাতিরঝিল এম্ফিথিয়েটারে। সেখানে আয়োজন করা হয়েছে সংবর্ধনা অনুষ্ঠান।
এর আগে নারী দল এশিয়া কাপে জায়গা করে নেওয়ার পর একই স্থানে সংবর্ধনা দেওয়া হলেও অর্থ পুরস্কার না থাকায় সমালোচনা তৈরি হয়েছিল। যদিও সাফ শিরোপা জয়ের পর বাফুফে দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিল, তবে দীর্ঘ সময় পার হলেও তা বাস্তবায়ন হয়নি।
এবার অনূর্ধ্ব-২০ দলের জন্য বাফুফে এখনো কোনো অর্থ পুরস্কার ঘোষণা করেনি। তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পুরস্কারের ঘোষণা দিলেও এর পরিমাণ প্রকাশ করেননি।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

