বিপিএলের দ্বাদশ আসর শুরুর ঠিক আগমুহূর্তে অপ্রত্যাশিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে চট্টগ্রাম রয়্যালসকে ঘিরে। আর্থিক সংকটের কথা জানিয়ে ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মালিকপক্ষ। ফলে চট্টগ্রাম দলের সম্পূর্ণ দায়িত্ব নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বৃহস্পতিবার সকালে বিসিবির কাছে পাঠানো এক চিঠিতে চট্টগ্রাম রয়্যালসের মালিক কাইয়ুম রশিদ জানান, আর্থিক জটিলতার কারণে তারা আর ফ্র্যাঞ্চাইজি পরিচালনা করতে সক্ষম নন। একই সঙ্গে দলটির দায়িত্ব বিসিবির হাতে তুলে নেওয়ার অনুরোধ জানানো হয়।
এরপর বিপিএলের সংশ্লিষ্ট কর্মকর্তারা চট্টগ্রাম দলের সিনিয়র ক্রিকেটার ও কোচিং স্টাফের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বিসিবি সরাসরি ফ্র্যাঞ্চাইজিটির মালিকানা ও ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেয়। কোচিং স্টাফের এক সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সিদ্ধান্তের ফলে এখন থেকে চট্টগ্রাম রয়্যালসের প্রশাসনিক ও ক্রিকেট পরিচালনার সবকিছু দেখভাল করবে বিসিবি। সূত্র জানায়, দলে নতুন বিদেশি ক্রিকেটার যুক্ত করার প্রক্রিয়াও শুরু হয়েছে। মালিকানা পরিবর্তনের খবরে খেলোয়াড়দের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে বলেও জানা গেছে।
আগামীকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের পর্দা উঠছে। তবে টুর্নামেন্ট শুরুর আগে এমন জটিলতায় পড়তে হয়েছে আয়োজকদের। এর আগে নিলামে চট্টগ্রাম রয়্যালস সর্বোচ্চ ১ কোটি ১০ লাখ টাকায় নাঈম শেখকে দলে টেনেছিল।
উদ্বোধনী দিনে দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় নোয়াখালী এক্সপ্রেসের মুখোমুখি হওয়ার কথা চট্টগ্রাম রয়্যালসের। যদিও মাঠে নামার আগ পর্যন্ত দলটি সব প্রয়োজনীয় সরঞ্জাম বুঝে পায়নি। পাশাপাশি প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়া দক্ষিণ আফ্রিকার জাস্টিন মাইলসের ক্যাম্পে যোগ দেওয়ার সময়সূচিও এখনও অনিশ্চিত।
এদিকে, সম্প্রতি চট্টগ্রাম রয়্যালসের তিন বিদেশি ক্রিকেটার—পাকিস্তানের আবরার আহমেদ, আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও শ্রীলঙ্কার নিরোশান ডিকভেলা—টুর্নামেন্ট থেকে নিজেদের নাম প্রত্যাহার করেন। পারিশ্রমিক সংক্রান্ত অনিশ্চয়তাই এর অন্যতম কারণ বলে জানা গেছে।
নিয়ম অনুযায়ী বিপিএল শুরুর আগে ক্রিকেটারদের অন্তত ২৫ শতাংশ পারিশ্রমিক পরিশোধ করার কথা থাকলেও চট্টগ্রাম রয়্যালস সে শর্ত পুরোপুরি পূরণ করতে পারেনি বলে অভিযোগ ওঠে। ব্যাংক গ্যারান্টি নিয়েও প্রশ্ন দেখা দেয়। যদিও এর আগে বিসিবি জানিয়েছিল, ফ্র্যাঞ্চাইজিটি নির্ধারিত আর্থিক শর্ত পূরণ করেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

