ভোলায় মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্যতা যাচাই করতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল ভোলা সদর হাসপাতাল পরিদর্শন করেছে।
রোববার (৭ জুন) দুপুর ২টার দিকে প্রতিনিধি দলটি ভোলা সদর হাসপাতাল ক্যাম্পাসে এসে হাসপাতালের বিদ্যমান অবকাঠামো, খালি জমি, ভবন এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সরেজমিনে পরিদর্শন করে। এ সময় তারা সম্ভাব্য মেডিকেল কলেজ স্থাপনের জন্য প্রয়োজনীয় বিভিন্ন বিষয় পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা জানান, ভোলায় মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাবনা ও প্রয়োজনীয়তা নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করা হবে। পাশাপাশি ভোলা সদর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল চত্বরে মেডিকেল কলেজ নির্মাণের উপযোগিতা সম্পর্কেও মূল্যায়ন করা হবে। প্রতিবেদনটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দাখিল করা হবে। ওই প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর চিকিৎসাবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ডা. আহমদ সামি আল হাসান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব ইসরাইল আলম, মনোয়ারা শিকদার মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. কামরুজ্জামান, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. সিজার উপল এবং শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আনোয়ার হোসেন বাবলু।
এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মনিরুল ইসলাম, জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক, এলডিপি ভোলা জেলা শাখার সভাপতি মো. বশির আহমেদ, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ফখরুল ইসলাম ফেরদাউস, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, ‘আমরা ভোলাবাসী’র মীর মোশাররফ অমিসহ স্থানীয় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং সংগঠনটির প্রতিনিধিরা।
দীর্ঘদিন ধরে ভোলাবাসী জেলায় একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছেন। মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে দ্বীপজেলা ভোলার শিক্ষার্থী ও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা এবং চিকিৎসাশিক্ষা প্রাপ্তির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করছেন স্থানীয়রা।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

