পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) নগর ও অঞ্চল পরিকল্পনা (URP) বিভাগের উদ্যোগে এবং ইউআরপি অ্যাসোসিয়েশন অব পাস্ট-এর আয়োজনে ‘Urbanization Trends in Bangladesh and Necessity of Reshaping & Transport Modelling in Bangladesh’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১১ জুলাই (শনিবার) দুপুর ২ টায় অনুষ্ঠিত এ সেমিনারে বিভাগের শিক্ষক-শিক্ষার্থী সরাসরি ও অনলাইন মাধ্যমে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে দেশের নগরায়ণের বর্তমান ধারা, পরিকল্পনা ব্যবস্থার চ্যালেঞ্জ, আইনগত কাঠামো, টেকসই নগর উন্নয়ন এবং আধুনিক পরিবহন পরিকল্পনা ও মডেলিং বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সেমিনারের প্রথম সেশন শুরু হয় দুপুর ২:০০টায়। এতে কী-নোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী ও পরিকল্পনাবিদ জনাব মোঃ নুরুল্লাহ।
তিনি চলমান বাংলাদেশের পরিকল্পনা ব্যবস্থায় বিদ্যমান বিভিন্ন আইনগত অসংগতি ও নীতিগত সীমাবদ্ধতার বিষয়গুলো তুলে ধরেন। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের পরিকল্পনা ব্যবস্থা, তাদের সফলতা ও অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের পরিকল্পনা কাঠামোর তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করেন।
তিনি ভবিষ্যতে বাংলাদেশের পরিকল্পনা ব্যবস্থাকে আরও কার্যকর, সমন্বিত ও জনমুখী করতে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন, সে সম্পর্কেও গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
দ্বিতীয় সেশন শুরু হয় বিকেল ৩:৩০টায়। এ পর্বে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন পরিবহন পরিকল্পনা বিশেষজ্ঞ সৈয়দ মোহাম্মদ ওয়ালিউল্লাহ। তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে কার্যকর পরিবহন পরিকল্পনা, ট্রাফিক ব্যবস্থাপনা, তথ্যনির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং Transport Modelling-এর গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, দ্রুত নগরায়ণের ফলে সৃষ্ট পরিবহন সংকট মোকাবিলায় সমন্বিত পরিকল্পনা, উন্নত তথ্যব্যবস্থা এবং বৈজ্ঞানিক মডেলিং পদ্ধতির ব্যবহার অত্যন্ত প্রয়োজন।
আলোচকরা আরও বলেন, টেকসই নগর গঠন, সুষম আঞ্চলিক উন্নয়ন এবং নাগরিকবান্ধব পরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি ও বাস্তবভিত্তিক পরিকল্পনার কোনো বিকল্প নেই। এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, গবেষণামনস্কতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের চেয়ারম্যান ড. মোঃ আশরাফুজ্জামান প্রামানিক। সেমিনারটি সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী, অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

