AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন ইতিহাস গড়বেন মেসি


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:১৬ পিএম, ১৬ জুন, ২০২৬

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন ইতিহাস গড়বেন মেসি

টানা দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচটি ঘিরে দলটির অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে ফুটবল বিশ্বে বাড়ছে আগ্রহ ও আলোচনা।

বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচে মাঠে নামলেই বিশ্বকাপ ইতিহাসে অনন্য এক রেকর্ডের মালিক হবেন এই আর্জেন্টাইন তারকা।

মেসি যদি আলজেরিয়ার বিপক্ষে খেলেন, তবে তিনি প্রথম ফুটবলার হিসেবে ছয়টি ভিন্ন বিশ্বকাপে অংশ নেওয়ার কীর্তি গড়বেন। এর আগে তিনি ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন।

যদিও ক্রিশ্চিয়ানো রোনালদো ও মেক্সিকোর গোলরক্ষক গুইলারমো ওচোয়ার নামও ছয়টি বিশ্বকাপের সঙ্গে যুক্ত, তবে আর্জেন্টিনার প্রথম ম্যাচে মাঠে নামার মাধ্যমে সবার আগে এককভাবে এই রেকর্ড স্পর্শ করবেন মেসি।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম ম্যাচ। এর মাধ্যমে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদো ও কুয়েতের বাদের আল-মুতাওয়ার পর বিশ্বের তৃতীয় ফুটবলার হিসেবে এই মাইলফলক অর্জন করবেন।

বিশ্বকাপে এখন পর্যন্ত ২৬টি ম্যাচ খেলেছেন মেসি, যা ইতোমধ্যেই টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। নতুন ম্যাচে মাঠে নামলে নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করবেন তিনি।

এ ছাড়া বিশ্বকাপে তার গোলসংখ্যা বর্তমানে ১৩। সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড থেকে তিনি মাত্র তিন গোল দূরে রয়েছেন।

যদি এবারের আসরেও গোল করতে পারেন, তাহলে পাঁচটি পৃথক বিশ্বকাপে গোল করার কৃতিত্ব অর্জন করবেন মেসি। এই রেকর্ড বর্তমানে ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে রয়েছে।

বিশ্বকাপে মেসির অ্যাসিস্ট সংখ্যা বর্তমানে ৮, যা আর্জেন্টিনার ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ। আলজেরিয়ার বিপক্ষে একটি অ্যাসিস্ট করতে পারলে তিনি এককভাবে এই তালিকার শীর্ষে উঠে যাবেন।

২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে শিরোপা জেতানো মেসির সামনে এবার আরও একটি ঐতিহাসিক সুযোগ রয়েছে। আর্জেন্টিনা যদি শিরোপা ধরে রাখতে পারে, তবে তিনি অধিনায়ক হিসেবে দুইবার বিশ্বকাপ জেতা ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে নতুন নজির স্থাপন করবেন।

দুই দশক ধরে বিশ্বমঞ্চে আলো ছড়ানো লিওনেল মেসির জন্য আলজেরিয়ার বিপক্ষে ম্যাচটি শুধু একটি গ্রুপ পর্বের লড়াই নয়, বরং ব্যক্তিগত অর্জনের দিক থেকেও ইতিহাস গড়ার আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হতে পারে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!