AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ৫৯ বাংলাদেশি জীবিত উদ্ধার, নিহত ১


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৫২ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২৫

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ৫৯ বাংলাদেশি জীবিত উদ্ধার, নিহত ১

ভূমধ্যসাগরে মাল্টা উপকূলের কাছে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী  নৌকা দুর্ঘটনায় পড়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাংলাদেশি নাগরিকসহ মোট ৬১ জনকে উদ্ধার করেছে মাল্টার কোস্ট গার্ড ও সংশ্লিষ্ট উদ্ধারকারী সংস্থাগুলো। উদ্ধারপ্রাপ্তদের মধ্যে ৫৯ জন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা যায়, নৌকাটি লিবিয়ার উপকূল থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা শুরু করে। গত শুক্রবার সকালে মাল্টার সার্চ অ্যান্ড রেসকিউ এলাকায় পৌঁছানোর পর নৌযানটিতে যান্ত্রিক সমস্যার সৃষ্টি হয়। একপর্যায়ে সেটি ডুবে গেলে যাত্রীরা সাগরে ভেসে পড়েন।

সংকেত পাওয়ার পর মাল্টার কোস্ট গার্ড দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃতদের মধ্যে ছয়জনের শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়ায় (হাইপোথারমিয়া) তাদের তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে মাল্টায় অনিয়মিত অভিবাসীদের প্রবেশ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ২০২০ সালে দেশটিতে প্রায় দুই হাজার ২০০ অভিবাসী প্রবেশ করলেও কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থার কারণে গত বছর এই সংখ্যা নেমে আসে ২৩৮ জনে।

জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের তথ্য অনুযায়ী, চলতি বছরের গত সপ্তাহ পর্যন্ত মাল্টায় পৌঁছানো অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ছিল মাত্র ১৮৫ জন। বিপরীতে, একই সময়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছেন প্রায় এক লাখ ৩৬ হাজার মানুষ। এর মধ্যে ইতালিতে অন্তত ৬৪ হাজার এবং গ্রিসে ৪৪ হাজার অভিবাসনপ্রত্যাশী পৌঁছান।

উল্লেখ্য, মাল্টায় বাংলাদেশের কোনো আবাসিক দূতাবাস নেই। ফলে সেখানে অবস্থানরত বাংলাদেশিরা গ্রিসের এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কনস্যুলার সেবা গ্রহণ করেন। এ বিষয়ে এথেন্স দূতাবাসে যোগাযোগ করা হলে তারা জানায়, এখন পর্যন্ত দুর্ঘটনা সংশ্লিষ্ট কোনো আনুষ্ঠানিক তথ্য তাদের হাতে পৌঁছায়নি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!