AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৮ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজধানীর আরও ৫০ মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:১২ পিএম, ১৮ জুলাই, ২০২৬

রাজধানীর আরও ৫০ মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে ঢাকার অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে দ্রুত স্বয়ংক্রিয় (অটোমেটিক) ট্রাফিক লাইট স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ ও মহানগরের নাগরিক সেবাবিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

বৈঠকে রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাকসহ ঝুঁকিপূর্ণ যানবাহন দ্রুত অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে নগরীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে নতুন করে অন্তত ৫০টি গুরুত্বপূর্ণ মোড়ে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর ওপর গুরুত্বারোপ করেন সরকারপ্রধান।

সভায় ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে অতিরিক্ত ও অপ্রয়োজনীয় হর্ন বাজানো নিয়ন্ত্রণে এআইভিত্তিক ক্যামেরা কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়।

এ ছাড়া রাজধানীতে হাইড্রোলিক হর্নের ব্যবহার এবং অযথা হর্ন বাজানোর প্রবণতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোরভাবে অভিযান পরিচালনার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!