দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৭৩ জন শিশু।
শনিবার (১৮ জুলাই) প্রকাশিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে ৬৮৯ জন এবং পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে ৯৫ জনের মৃত্যু হয়েছে। ফলে এ সময়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৪ জনে।
এদিকে একই সময়ে দেশজুড়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৯৯ হাজার ২৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৯৫ হাজার ৫২৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের হাম প্রতিরোধে নির্ধারিত সময়ে টিকা নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে র্যাশ বা অন্যান্য উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

