ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় অবৈধ দখলমুক্ত করে উদ্ধার করা বন বিভাগের প্রায় ৮৪ একর গেজেটভুক্ত সংরক্ষিত বনভূমিতে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার বাঁশগাড়া মৌজায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, বাঁশগাড়া মৌজার ৮৪ একর সংরক্ষিত বনভূমি দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে দখলের চেষ্টা চলছিল।
সম্প্রতি উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে জমিটি উদ্ধার করে পুনরায় বন বিভাগের দখলে নেওয়া হয়। উদ্ধারকৃত ওই জমিতে ৮৪ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের কার্যক্রম শুরু হয়েছে।
সরকারি সম্পত্তি ও গেজেটভুক্ত সংরক্ষিত বনভূমি হিসেবে চিহ্নিত করতে উদ্ধারকৃত জমির বিভিন্ন স্থানে সাইনবোর্ডও স্থাপন করা হয়েছে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার, দিনাজপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক তানভীর ইসলাম নাহিদ, পীরগঞ্জ বন বিভাগের কর্মকর্তা মহসিন আলী, বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং পীরগঞ্জ থানার পুলিশ সদস্যরা।
পীরগঞ্জ বন বিভাগের কর্মকর্তা মহসিন আলী জানান, তারেক রহমানের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এই বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, উপজেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ অভিযানে দীর্ঘদিন ধরে দখলের চেষ্টায় থাকা ৮৪ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করে পুনরায় বন বিভাগের নিয়ন্ত্রণে আনা হয়েছে।
এখন সেখানে পরিকল্পিতভাবে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হচ্ছে।
বন বিভাগ জানিয়েছে, সরকারি সংরক্ষিত বনভূমি রক্ষায় ভবিষ্যতেও নিয়মিত অভিযান, নজরদারি এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

