AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবার কবে থেকে আসছে ভারী বৃষ্টিপাত, জানাল আবহাওয়া অফিস


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:২০ পিএম, ১৪ জুলাই, ২০২৬

আবার কবে থেকে আসছে ভারী বৃষ্টিপাত, জানাল আবহাওয়া অফিস

আগামী দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসতে পারে। তবে ১৬ জুলাই থেকে মৌসুমি বায়ু আরও সক্রিয় হওয়ায় আবারও ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দেশের সব বিভাগেই বৃষ্টির তীব্রতা তুলনামূলক কম থাকবে। তবুও দেশের ৭৬ থেকে ১০০ শতাংশ এলাকায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, এ সময় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা ২৪ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ১৬ জুলাই থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় মৌসুমি বায়ুর প্রভাব আরও জোরালো হতে পারে। এর ফলে দেশের অধিকাংশ অঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদদের মতে, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ, সক্রিয় মৌসুমি বায়ু, বায়ুপ্রবাহের পরিবর্তন এবং এল নিনোর প্রভাবের কারণে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন এলাকায় টানা বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, ১৫ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা তুলনামূলক কম থাকতে পারে। তবে ১৬ জুলাই থেকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টির পরিমাণ আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, গত কয়েক দিনে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় ২০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে উল্লেখযোগ্য।

অন্যদিকে, রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার জন্য মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ারও আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!