পোশাকে নতুন পরিবর্তন এনেছে বাংলাদেশ পুলিশ। বুধবার (১ জুলাই) থেকে দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের নতুন ইউনিফর্মে দেখা গেছে। নতুন পোশাকে গাঢ় নীল ও হালকা জলপাই রঙের শার্টের সঙ্গে খাকি রঙের প্যান্ট ব্যবহার করা হচ্ছে।
নতুন ইউনিফর্ম পরা একাধিক পুলিশ সদস্য জানান, নতুন পোশাক আগের তুলনায় বেশি মানানসই ও স্বাচ্ছন্দ্যপূর্ণ। তাদের ভাষ্য, আগের লোহা-ধূসর রঙের ইউনিফর্ম বাংলাদেশ পুলিশের ঐতিহ্যের সঙ্গে খুব একটা সামঞ্জস্যপূর্ণ ছিল না।
বুধবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরকে গাঢ় নীল শার্ট এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদকে হালকা জলপাই রঙের শার্টে দেখা যায়। উভয়ের প্যান্ট ছিল খাকি রঙের।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, বুধবার থেকেই নতুন ইউনিফর্ম পরা শুরু হয়েছে। তবে এখনো সব সদস্য নতুন পোশাক পাননি। পর্যায়ক্রমে সবার মধ্যে ইউনিফর্ম বিতরণ করা হবে।
গত ১৮ জুন পুলিশ সদর দপ্তর নতুন ইউনিফর্ম সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে শার্ট ও প্যান্টের পাশাপাশি জার্সি, কার্ডিগান, পুলওভার, জ্যাকেট, নারী সদস্যদের পোশাক, মাথার আবরণ এবং পূর্ণহাতা পোশাকের রঙেও পরিবর্তন আনা হয়।
নতুন বিধান অনুযায়ী, জেলা পুলিশ এবং এপিবিএন, এসপিবিএন, স্পেশাল ব্রাঞ্চ (এসবি), সিআইডি ও র্যাব ছাড়া অন্যান্য ইউনিটের সদস্যদের ট্রাউজার হবে খাকি রঙের টিসি টুইল কাপড়ের এবং শার্ট হবে গাঢ় নীল টিসি প্লেইন ফেব্রিকের। শার্টে চারটি সামনের পকেট এবং সাতটি বোতাম থাকবে।
প্রজ্ঞাপনে নারী পুলিশ সদস্যদের ইউনিফর্ম সম্পর্কেও নির্দেশনা দেওয়া হয়েছে। তারা চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ এবং মহানগর পুলিশে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজ নির্ধারণ করা হয়েছে।
এছাড়া নারী সদস্যরা অনুমোদিত গাঢ় নীল রঙের মাথার আবরণ ব্যবহার করতে পারবেন। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী সদস্যরা সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন। গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিটপ্রধানের পূর্বানুমোদন সাপেক্ষে সাধারণ পোশাক ব্যবহারের সুযোগও রাখা হয়েছে।
মৌসুমভেদে ইউনিফর্মের ধরনও নির্ধারণ করা হয়েছে। গ্রীষ্মকালে অর্ধহাতা এবং শীতকালে পূর্ণহাতা শার্ট পরার বিধান রাখা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশ সংস্কারের দাবির অংশ হিসেবে ইউনিফর্ম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। পরে গত বছরের ২৫ নভেম্বর লোহা-ধূসর রঙের নতুন ইউনিফর্ম চালু করা হলেও সেটি নিয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। পরবর্তীতে নতুন করে গাঢ় নীল, হালকা জলপাই ও খাকি রঙের সমন্বয়ে বর্তমান ইউনিফর্ম নির্ধারণ করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

