চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সম্মেলনে অংশগ্রহণ শেষে রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৪ জুন) বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩৫ মিনিটে, যা স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিট, তিনি বেইজিংয়ে পৌঁছান। প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) দালিয়ান থেকে উচ্চগতির বুলেট ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী।
দালিয়ানে অবস্থানকালে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘সামার দাভোস’ নামে পরিচিত বার্ষিক সম্মেলনে অংশ নেন। দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সভায় বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী, শিক্ষাবিদ এবং গণমাধ্যম প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি গিনি, কাজাখস্তান, দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া ও মন্টিনিগ্রোর সরকারপ্রধানরাও উপস্থিত ছিলেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, ৯০টির বেশি দেশ ও অঞ্চল থেকে প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি এতে অংশ নেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, ডব্লিউইএফ সম্মেলনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈশ্বিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক সক্ষমতা আরও জোরদার করতে সহায়ক হবে।
বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের মূল কর্মসূচি অনুষ্ঠিত হবে। সফরসূচি অনুযায়ী, আগামী ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং ২৬ জুন প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

