দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মাদক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও কার্যকর করতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের অস্ত্র দেওয়ার পাশাপাশি মাদক মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ জুন) আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ১৫টি বেসরকারি মাদক পুনর্বাসন কেন্দ্রের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে সিনথেটিক ও সেমি-সিনথেটিক মাদকের বিস্তারের কারণে বিপুলসংখ্যক মানুষ মাদকাসক্ত হয়ে পড়েছে। বর্তমান আইনি কাঠামো দিয়ে মাদক নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন,“মাদকচক্রগুলো অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে, অথচ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে কোনো অস্ত্র নেই। অনেকটা ‘ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার’-এর মতো অবস্থা। এ কারণে মাদক আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।”
মন্ত্রী জানান, সংশোধিত আইনের মাধ্যমে একটি শক্তিশালী আইনি কাঠামো গড়ে তোলার চেষ্টা চলছে এবং বিষয়টি বর্তমান সংসদ অধিবেশনেই উত্থাপন করা হতে পারে।
মাদক মামলার বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতার বিষয় তুলে ধরে তিনি বলেন, শুধু ঢাকাতেই প্রায় ৮০ হাজার মাদক মামলা বিচারাধীন রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলায়ও বিপুলসংখ্যক মামলা ঝুলে আছে।
এই পরিস্থিতিতে মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান তিনি। তবে বিশেষ ট্রাইব্যুনালের পাশাপাশি প্রচলিত আদালতেও বিচার কার্যক্রম চলবে।
মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১ হাজার ৪১৩ কোটি টাকা ব্যয়ে দেশের সাতটি বিভাগীয় শহরে ২০০ শয্যাবিশিষ্ট মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণের কাজ শুরু হয়েছে।
এছাড়া বেসরকারি পর্যায়ের পুনর্বাসন কার্যক্রমকে উৎসাহিত করতে ৭৩টি মাদক নিরাময় কেন্দ্রকে মোট ১ কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
সংশ্লিষ্টদের মতে, মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা বৃদ্ধি, চিকিৎসা সুবিধা সম্প্রসারণ এবং পুনর্বাসন কার্যক্রম জোরদার করাও সমান গুরুত্বপূর্ণ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

