AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:০১ এএম, ২৫ জুন, ২০২৬

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় (ইনভেস্টমেন্ট অফিস) খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে বাংলাদেশে উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার (ভ্যালু চেইন) সম্প্রসারণে চীনা কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথি ভবন দিয়াওইউতাইয়ে চীনের শিল্পপতি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিয়ে আয়োজিত ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, “আমরা শিগগিরই চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় চালু করতে যাচ্ছি। এর উদ্দেশ্য হলো চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে আসার আগেই প্রয়োজনীয় তথ্য, সহায়তা ও পরামর্শ দেওয়া এবং বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে আরও দ্রুত ও সহজ করা।”

তিনি জানান, চীনা বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ইতোমধ্যে একটি বিশেষ সম্পর্ক ব্যবস্থাপনা ডেস্ক চালু করেছে। পাশাপাশি চীনা ভাষায় একটি বিশেষায়িত ওয়েবসাইটও চালু করা হয়েছে, যেখানে বিনিয়োগের সুযোগ, প্রণোদনা ও প্রয়োজনীয় তথ্য সহজে পাওয়া যাবে।

তারেক রহমান বলেন, সরকার আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণে একটি ১৮০ দিনের কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। এর আওতায় আমলাতান্ত্রিক জটিলতা কমানো, সরকারি সেবার ডিজিটালাইজেশন, নীতির ধারাবাহিকতা নিশ্চিত করা এবং বিনিয়োগ অনুমোদন প্রক্রিয়া দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, “নতুন লাইসেন্স অনুমোদন ব্যবস্থার মাধ্যমে নতুন ব্যবসা প্রতিষ্ঠানগুলো ১৫ দিনেরও কম সময়ে বাংলাদেশে কার্যক্রম শুরু করতে পারবে।”

প্রধানমন্ত্রী আরও জানান, নবায়নযোগ্য জ্বালানি, ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্যসেবা, ইলেকট্রনিক্স, ডিজিটাল অবকাঠামো, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ এবং উন্নত বস্ত্রশিল্প খাতে বিশেষ প্রণোদনা ও নীতিগত সুবিধা দেওয়া হচ্ছে।

চীনা উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “চীন এখন বৈশ্বিক ভ্যালু চেইনে আরও উচ্চ অবস্থানে যাচ্ছে। উন্নত উৎপাদন, পরিবেশবান্ধব জ্বালানি ও উচ্চমূল্যের শিল্প খাতে নেতৃত্ব দিচ্ছে দেশটি। এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে উৎপাদনের কিছু অংশ নতুন গন্তব্য খুঁজবে, আর বাংলাদেশ সেই সম্ভাবনাময় গন্তব্যগুলোর একটি হতে পারে।”

তিনি বলেন, “বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং চীনের মতো দীর্ঘদিনের বন্ধু ও অংশীদারের সঙ্গে আরও গভীর শিল্প সহযোগিতা গড়ে তুলতে আগ্রহী।”

প্রধানমন্ত্রী জানান, চীনা বিনিয়োগকারীদের জন্য বিশেষ শিল্প অবতরণ কেন্দ্র তৈরি করা হচ্ছে। এর মধ্যে রয়েছে আনোয়ারার চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল।

তিনি বলেন, এসব অঞ্চলে বন্দর সংযোগ, লজিস্টিক সুবিধা, দক্ষ জনশক্তি, সরবরাহ ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদি শিল্প ইকোসিস্টেম গড়ে তোলা হচ্ছে।

চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার চীনের প্রধানমন্ত্রী লি চিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

সরকারপ্রধান আশা প্রকাশ করেন, বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্কের নতুন অধ্যায় উভয় দেশের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি, শিল্পায়ন ও পারস্পরিক সমৃদ্ধির পথ আরও সুগম করবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!