AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রথমবার ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির নেতৃত্বে বাংলাদেশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:২৯ পিএম, ১৭ জুন, ২০২৬

প্রথমবার ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির নেতৃত্বে বাংলাদেশ

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর চেয়ারম্যানের দায়িত্ব প্রথমবারের মতো গ্রহণ করেছে বাংলাদেশ। দেশের বহুপক্ষীয় কূটনীতির ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ ও গৌরবজনক অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

বুধবার প্রকাশিত এক বার্তায় জানানো হয়, জেনেভায় জাতিসংঘ কার্যালয় ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা সোবহান মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে চার সদস্যবিশিষ্ট এক্সকম ব্যুরোর চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ্য, ১৯৫৯ সালে ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির কার্যক্রম শুরু হওয়ার পর এই প্রথম বাংলাদেশ ব্যুরোর নেতৃত্বের দায়িত্ব পেল। এশিয়া-প্যাসিফিক গ্রুপের সর্বসম্মত প্রার্থী হিসেবে বাংলাদেশের নাম প্রস্তাব করা হয়।

পরে অন্যান্য আঞ্চলিক গ্রুপের প্রতিনিধিত্বকারী আলজেরিয়া ও অস্ট্রিয়া আনুষ্ঠানিকভাবে ওই মনোনয়নের প্রতি সমর্থন জানায়। পরবর্তীতে নির্বাহী কমিটির ১১০ সদস্যরাষ্ট্র সর্বসম্মতিক্রমে রাষ্ট্রদূত নাহিদা সোবহানের মনোনয়ন অনুমোদন করে।

কূটনৈতিক মহলে এই নির্বাচনকে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা, গ্রহণযোগ্যতা এবং বহুপক্ষীয় ব্যবস্থায় দেশের ক্রমবর্ধমান ভূমিকার স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন কূটনীতিক নাহিদা সোবহান এর আগে রোম, কলকাতা ও জেনেভায় বাংলাদেশ মিশনে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং কানাডায় হাইকমিশনার হিসেবেও সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালক হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিশেষ করে রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএনএইচসিআরসহ বিভিন্ন জাতিসংঘ সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতা তাঁর রয়েছে।

বর্তমানে বাংলাদেশ প্রায় ১৩ লাখ বাস্তুচ্যুত রোহিঙ্গাকে মানবিক আশ্রয় প্রদান করছে এবং তাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিকভাবে সোচ্চার রয়েছে।

বিশ্বব্যাপী জোরপূর্বক বাস্তুচ্যুতি, মানবিক সংকট এবং তহবিল ঘাটতির এই চ্যালেঞ্জপূর্ণ সময়ে ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির নেতৃত্বে বাংলাদেশের দায়িত্ব গ্রহণ বিশেষ তাৎপর্য বহন করে।

মানবিক সহায়তা, আন্তর্জাতিক সহযোগিতা এবং দায়িত্ব ভাগাভাগির প্রশ্নে বাংলাদেশের গঠনমূলক ও দায়িত্বশীল নেতৃত্বের আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবেই এ অর্জনকে দেখা হচ্ছে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!