AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:০২ পিএম, ১৮ জুন, ২০২৬

সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত বেড়েছে ৪১ শতাংশ

সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থ এক বছরের ব্যবধানে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত আগের বছরের তুলনায় ৪১ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) বার্ষিক প্রতিবেদনে জানানো হয়, ২০২৫ সালের শেষে বাংলাদেশিদের মোট জমা অর্থ দাঁড়িয়েছে ৮৩ কোটি ৪১ লাখ সুইস ফ্রাঁ। ২০২৪ সালে এই পরিমাণ ছিল প্রায় ৫৯ কোটি সুইস ফ্রাঁ।

বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি সুইস ফ্রাঁর মূল্য প্রায় ১৫২ টাকা ধরে হিসাব করলে, সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের মোট আমানতের পরিমাণ প্রায় ১২ হাজার ৬৭৮ কোটি টাকায় পৌঁছেছে।

এসএনবির তথ্য বলছে, ২০২১ সালের পর ২০২৫ সালেই বাংলাদেশিদের সর্বোচ্চ পরিমাণ অর্থ সুইস ব্যাংকে জমা হয়েছে।

বিশ্লেষকদের মতে, সুইস ব্যাংকে থাকা সব অর্থ অবৈধ বা পাচারকৃত নয়। ব্যক্তি ও প্রতিষ্ঠানের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন ব্যাংকও বৈধ উপায়ে সেখানে অর্থ সংরক্ষণ করে থাকে। এছাড়া বিদেশে বসবাসরত বাংলাদেশিরাও সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংক ও তাদের আন্তর্জাতিক শাখায় বৈধভাবে আমানত রাখেন।

সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক এসব আমানত সংশ্লিষ্ট দেশের দায় (liability) হিসেবে তাদের আর্থিক প্রতিবেদনে অন্তর্ভুক্ত করে। ফলে প্রকাশিত পরিসংখ্যানে ব্যক্তি, প্রতিষ্ঠান ও ব্যাংক—সব ধরনের বৈধ আমানতই অন্তর্ভুক্ত থাকে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২২ ও ২০২৩ সালে টানা দুই বছর সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানতের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। ওই দুই বছরে জমার পরিমাণ ছিল যথাক্রমে প্রায় সাড়ে ৫ কোটি এবং পৌনে ২ কোটি সুইস ফ্রাঁ।

এদিকে আন্তর্জাতিক তথ্য বিনিময় সংক্রান্ত বিভিন্ন চুক্তির ফলে বর্তমানে সুইজারল্যান্ড প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকে ব্যাংকিং তথ্য সরবরাহ করে থাকে। তবুও ব্যবসা-বাণিজ্যের আড়ালে বিভিন্ন দেশে অর্থ পাচারের অভিযোগ আন্তর্জাতিক পরিমণ্ডলে এখনও আলোচনায় রয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!