জন্মের পর থেকেই যেন অসুস্থতার সঙ্গে লড়াই করে বড় হচ্ছে ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর গ্রামের ৬ বছর বয়সী শিশু মিনহাজ। মাত্র ছয় মাস বয়সে তার শরীরে ধরা পড়ে খাদ্যনালীর জটিল সমস্যা। দীর্ঘ ছয় বছর ধরে চিকিৎসা চললেও এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি সে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী জরুরি অপারেশন ও উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় আড়াই লাখ টাকা। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে এত বড় অঙ্কের অর্থ জোগাড় করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
পরিবার সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই পেটের জটিল রোগে ভুগছে মিনহাজ। বর্তমানে সে স্বাভাবিকভাবে পায়খানা করতে পারে না। ওষুধের সাহায্যে কয়েকদিন পরপর তাকে পায়খানা করাতে হয়। দীর্ঘদিন ধরে ফরিদপুরের শিশু বিশেষজ্ঞ ডা. এসি পালের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছে সে। সম্প্রতি তার শারীরিক অবস্থার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
মিনহাজের বাবা জাকির খান পেশায় একজন টিউবওয়েল মিস্ত্রি। সীমিত আয়ে কোনো রকমে সংসার চালালেও সন্তানের ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করার সামর্থ্য তার নেই। অর্থাভাবে চিকিৎসার গুরুত্বপূর্ণ ধাপগুলোও অনিশ্চয়তার মুখে পড়েছে।
ছেলের কষ্টের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মা আলেয়া বেগম। তিনি বলেন, “আমার ছেলে ছয় মাস বয়স থেকে এই রোগে ভুগছে। ছয় বছর ধরে চিকিৎসা চলছে। ডাক্তার ঢাকায় নিয়ে যেতে বলেছেন, কিন্তু আমাদের সেই সামর্থ্য নাই । কেউ যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে আমার ছেলেটা নতুন জীবন ফিরে পেতে পারে।
পরিবারের ভাষ্য অনুযায়ী, চিকিৎসকদের পরামর্শমতো অপারেশন ও পরবর্তী চিকিৎসার জন্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা প্রয়োজন। দ্রুত চিকিৎসা না করানো গেলে শিশুটির শারীরিক অবস্থা আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন স্বজনরা।
অসহায় এই পরিবারটি এখন সমাজের বিত্তবান, দানশীল ও মানবিক মানুষের সহযোগিতার দিকে তাকিয়ে আছে। একটি শিশুর সুস্থ ও স্বাভাবিক জীবনের স্বপ্ন পূরণে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তারা। একই সঙ্গে মিনহাজের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারটি।
সহযোগিতার জন্য যোগাযোগ মিনহাজের বাবা:জাকির খান মোবাইল: ০১৭৩৩-১৪৬৩৫৬
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

