AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এসএসএফ’কে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:০৯ পিএম, ১৮ জুন, ২০২৬

এসএসএফ’কে প্রযুক্তিনির্ভর ও যুগোপযোগী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-কে আধুনিক প্রযুক্তি ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে বহুমুখী নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৮ জুন) এসএসএফ-এর ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান আর্থ-সামাজিক অবস্থা, ভূ-রাজনৈতিক পরিবর্তন এবং তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের ফলে নিরাপত্তা ব্যবস্থায় নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এসব মোকাবিলায় এসএসএফকে আধুনিক প্রশিক্ষণ, দক্ষতা ও সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারে আরও সক্ষম হতে হবে।

তিনি বলেন, বিশেষায়িত বাহিনী হিসেবে সাহস, পেশাদারিত্ব ও প্রযুক্তিগত সক্ষমতার ক্ষেত্রে পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই।

এসএসএফ-এর দীর্ঘ পথচলার প্রশংসা করে প্রধানমন্ত্রী বাহিনীটির দায়িত্বশীল ভূমিকার কথা স্মরণ করেন। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দায়িত্ব পালনকাল এবং চিকিৎসাধীন অবস্থায় এসএসএফ-এর পেশাদারিত্বের কথা উল্লেখ করে সদস্যদের ধন্যবাদ জানান। তার মৃত্যুর পর বৃহৎ জানাজার আয়োজনেও বাহিনীর সমন্বয় দক্ষতার প্রশংসা করেন তিনি।

জনগণের সঙ্গে সরকারের সম্পৃক্ততার বিষয়েও গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, সরকারপ্রধান হিসেবে জনগণের বিশ্বাস ও ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। নিরাপত্তা ব্যবস্থা যেন জনগণ ও সরকারের মধ্যে অযথা দূরত্ব সৃষ্টি না করে, সে বিষয়ে এসএসএফকে সচেতন থাকতে হবে।

তিনি জানান, সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে নিজের গাড়িবহরের আকার সীমিত করা হয়েছে। ফলে সদস্যসংখ্যা বৃদ্ধির পরিবর্তে বাহিনীর দক্ষতা, পরিকল্পনা ও বুদ্ধিবৃত্তিক সক্ষমতার ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসএসএফ-এর নবনির্মিত অত্যাধুনিক ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করেন এবং এর মহড়া পরিদর্শন করেন। তিনি বলেন, এ সুবিধা সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ ছাড়া ২০০২ সালের পর এসএসএফ-এর ‘রেড বুক’ আধুনিকায়নের বিষয়টি উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি শুধু কার্যপদ্ধতির নির্দেশিকা নয়, সদস্যদের আইনি সুরক্ষাও নিশ্চিত করে। পরিস্থিতি অনুযায়ী দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা অর্জনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ ও আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় আরও জোরদারের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বক্তব্যের শেষাংশে তিনি এসএসএফ সদস্যদের উদ্দেশে বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে সর্বোচ্চ সৌজন্য ও পেশাদার আচরণ বজায় রাখতে হবে। গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশপ্রেমের চেতনায় দায়িত্ব পালনের মাধ্যমেই এসএসএফ তাদের পেশাদারিত্বের স্বাক্ষর রেখে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!