ইরাকে মিসাইল হামলায় নিহত প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ শ্রাবনের মরদেহ অবশেষে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শুক্রবার (২৯ মে) ভোরে সরকারি ব্যবস্থাপনায় তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
ভোর ৫টা ১৫ মিনিটে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি ঢাকায় পৌঁছালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বিমানবন্দরে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মরদেহ গ্রহণ করেন। এ সময় তিনি নিহত শ্রাবনের অকাল ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
নিহত মোহাম্মদ শ্রাবন মুন্সিগঞ্জ সদর উপজেলার বকুলতলা গ্রামের বাসিন্দা ও মোহাম্মদ নলি মিয়ার ছেলে। জীবিকার তাগিদে প্রায় ১০ বছর আগে তিনি ইরাকের রাজধানী বাগদাদে যান।
সম্প্রতি বাগদাদে সংঘটিত এক মিসাইল হামলায় তিনি নিহত হন।
বাগদাদে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে সরকারি প্রক্রিয়ায় তার মরদেহ দেশে পাঠানো হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৭ মে সকাল ১০টা ২৫ মিনিটে বাগদাদ বিমানবন্দর থেকে তার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে মরদেহটি ঢাকার উদ্দেশে রওনা হয়। দীর্ঘ ২৯ ঘণ্টার ট্রানজিট শেষে শুক্রবার ভোরে সেটি ঢাকায় পৌঁছে।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। এ সময় সরকারের পক্ষ থেকে দাফন-কাফনের খরচ বাবদ ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক নিহতের স্বজনদের হাতে তুলে দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

