AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৫২ পিএম, ২৮ মে, ২০২৬

ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান রাষ্ট্রপতির

পবিত্র ঈদুল আজহার শিক্ষা ও মূল্যবোধ ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বৃহস্পতিবার (২৮ মে) ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক ভিডিও শুভেচ্ছা বার্তায় তিনি এ আহ্বান জানান। বঙ্গভবনে ধারণ করা ওই বার্তায় রাষ্ট্রপতি দেশবাসী ও বিশ্বের মুসলিম সম্প্রদায়কে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।

রাষ্ট্রপতি বলেন, “বিভেদ নয় ঐক্য, হিংসা নয় সহমর্মিতা, স্বার্থপরতা নয় ন্যায়পরায়ণতা এবং বৈষম্যের পরিবর্তে সাম্যের চেতনা ধারণ করতে হবে।” তিনি বলেন, ঈদুল আজহার শিক্ষা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, আত্মত্যাগ, সৌহার্দ্য ও সামাজিক সংহতি জোরদার করে।

তিনি আরও বলেন, এই উৎসব মানুষকে অহংকার, বিদ্বেষ ও মনের পশুত্ব পরিহারের শিক্ষা দেয়। তাই ঈদের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করে সমাজে মানবিকতা ও সহমর্মিতা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি।

সমাজের সচ্ছল ব্যক্তিদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, দরিদ্র, অসহায় ও অভাবগ্রস্ত মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে হবে এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।

পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষার বিষয়েও গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। তিনি কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

পরে বঙ্গভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, জ্যেষ্ঠ রাজনীতিক, বিচারপতি, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবীসহ সমাজের বিভিন্ন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এছাড়া প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব, সশস্ত্র বাহিনীর প্রধান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পুলিশের মহাপরিদর্শকসহ উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।

এর আগে সকালে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নেন রাষ্ট্রপতি। নামাজ শেষে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!